রাস্তা এখন অটোভ্যানের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া-সাঁথিয়ার সড়ক ও মহাসড়কগুলোতে নছিমন-করিমনের বদলে এখন জায়গা করে নিয়েছে অটোভ্যান। বেড়া বাসস্ট্যান্ড থেকে তোলা ছবি l প্রথম আলো
বেড়া-সাঁথিয়ার সড়ক ও মহাসড়কগুলোতে নছিমন-করিমনের বদলে এখন জায়গা করে নিয়েছে অটোভ্যান। বেড়া বাসস্ট্যান্ড থেকে তোলা ছবি l প্রথম আলো

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সড়ক-মহাসড়কে আজকাল নছিমন-করিমন কমই চোখে পড়ে। এসব যানের বদলে সড়ক-মহাসড়কে ব্যাপকভাবে চলাচল করতে শুরু করেছে এগুলোর চেয়েও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশাভ্যান। এই যানটি এলাকায় অটোভ্যান নামে পরিচিত।
দুর্বল ব্রেক ও কাঠামোগত কারণে অটোভ্যানগুলো সহজেই দুর্ঘটনার কবলে পড়ে। গত এক মাসেই অটোভ্যান দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গেছে শিক্ষকসহ অন্তত পাঁচজনের। এ ছাড়া অটোভ্যানের ব্যাটারি প্রতিদিন চার্জ দিতে হয় বলে সেগুলো দুই উপজেলায় বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিংয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেড়া ও সাঁথিয়ায় একসময় পাঁচ হাজারেরও বেশি নছিমন-করিমন চলাচল করেছে। কিছুতেই এদের দাপট কমানো যাচ্ছিল না। তবে এখন এসব নছিমন-করিমনের অন্তত ৯০ শতাংশই বন্ধ হয়ে গেছে। প্রতিযোগিতায় অটোভ্যানের কাছে নছিমন-করিমন টিকতে না পেরে কমে যাচ্ছে আগের অবৈধ যানগুলো। তবে এখনকার অটোভ্যানের বেশির ভাগ মালিক ও চালকই আগে নছিমন-করিমন চালাতেন। নছিমন-করিমন বিক্রি করে সেগুলোর মালিকেরা এখন অটোভ্যান কিনছেন। আর নছিমন-করিমনের চালকেরা চালাচ্ছেন অটোভ্যান।
অটোভ্যান তৈরির কারিগর ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিকশাভ্যানে ব্যাটারি লাগিয়ে নিলেই সেটি অটোভ্যানে পরিণত হয়। রিকশা বা রিকশাভ্যান চালাতে শারীরিক পরিশ্রম হলেও অটোভ্যান ব্যাটারিতে চলায় শক্তি কম লাগে। তা ছাড়া একটি অটোভ্যানে ৮ থেকে ১০ জন যাত্রী নেওয়া যায়। রিকশা-ভ্যানের তুলনায় চার-পাঁচ গুণ বেশি মালামাল নিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। তবে এর ব্রেক খুব দুর্বল। তাই দ্রুতগতিতে ছোটার সময় নিয়ন্ত্রণ রাখা মুশকিল। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তা ছাড়া এর চালকেরা ট্রাফিক আইন সম্পর্কেও ওয়াকিবহাল না থাকায় মহাসড়কে এটির চলাচল খুবই ঝুঁকিপূর্ণ।
বেড়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, আগে যে স্থান থেকে নছিমন-করিমন পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে চলাচল করত, এখন সেখানে অসংখ্য অটোভ্যান দাঁড়িয়ে আছে। আগে নছিমন-করিমনগুলো যাঁরা নিয়ন্ত্রণ করতেন, তাঁরা এখন অটোভ্যানগুলো নিয়ন্ত্রণ করছেন। মাস্টার নামের এসব নিয়ন্ত্রণকারী প্রতিটি অটোভ্যান থেকে দৈনিক ১০ টাকা করে আদায় করছেন। বেড়া বাসস্ট্যান্ডে পাঁচ-ছয়জন এ ধরনের মাস্টার রয়েছেন।
বেড়া বাসস্ট্যান্ডের কাশীনাথপুরের দিকে যাতায়াতকারী অংশের মাস্টার তোরাব আলী বলেন, একসময় তিনি নছিমন চালাতেন। না চলায় ১ লাখ ২০ হাজার টাকায় কেনা নছিমনটি মাত্র ৩৪ হাজার টাকায় বিক্রি করে এখন মাস্টারের কাজ করছেন। বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার শিপন বলেন, ‘নছিমন-করিমন যাগরে আছে, তারা সেগুলো লোহার দামেও বেচপ্যার পারত্যাছে না।’
তিন-চারজন মাস্টার ও পাঁচ-ছয়জন অটোভ্যানচালক বলেন, বর্তমানে বেড়া ও সাঁথিয়া উপজেলায় পাঁচ হাজারেরও বেশি অটোভ্যান চলছে। এ ছাড়া প্রতিদিনই সড়ক-মহাসড়কে যুক্ত হচ্ছে ৫ থেকে ১০টি করে নতুন অটোভ্যান।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, অটোভ্যানগুলোর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দুই উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য গ্যারেজ। এসব গ্যারেজে সারা রাত ধরে চলে অটোভ্যানগুলো চার্জ করার কাজ। এ জন্য প্রতিটি অটোভ্যান বাবদ দৈনিক নেওয়া হয় ৩০ থেকে ৪০ টাকা।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক শাহীদুল ইসলাম বলেন, ‘এমনিতেই বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার অর্ধেকেরও কম। এর ওপর সরবরাহ করা বিদ্যুতের বড় অংশ খেয়ে ফেলছে ব্যাটারিচালিত রিকশা ও অটোভ্যান। ফলে লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়ছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’