রাস্তা ও ফুটপাত নির্মাণসামগ্রীর দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাডাঙ্গা ইউসুফ স্কুলের সামনে।
সোনাডাঙ্গা ইউসুফ স্কুলের সামনে।

নির্মাণসামগ্রীর দখলে চলে গেছে খুলনা নগরের বিভিন্ন সড়ক ও ফুটপাত। সেখানে এখন ইট, খোয়া, বালু, রডের সমাহার। ফলে পথ চলতে গিয়ে চরম বিপাকে মানুষ। একই সমস্যায় যানবাহনও।
নগরবাসী বলছেন, নির্মাণসামগ্রীর কারণে হাঁটাচলায় ভোগান্তির পাশাপাশি প্রচণ্ড ধুলাবালিতেও সমস্যা হচ্ছে। কিন্তু নগর কর্তৃপক্ষ এসব বিষয়ে উদাসীন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখভাগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখভাগ


সরেজমিনে দেখা গেছে, ময়লাপোতা, হাজী মুহসীন রোড, বাবু খান রোড, যশোর রোড, সাউথ সেন্ট্রাল রোড, টিবি বাউন্ডারি রোড, শিববাড়ী মোড়, বয়রায় মন্নুজান রোড, সোনাডাঙ্গা থেকে আবু নাসের হাসপাতাল পর্যন্ত সড়কে বহুতল ভবনসহ বিভিন্ন ধরনের নির্মাণকাজ চলছে। এই কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে ফুটপাত ও সড়কের ওপর।
শিববাড়ী মোড়ে পথচারী নিরেন্দু মণ্ডল বলেন, খুলনায় ফুটপাত বলে কিছু নেই। সব দোকানিদের দখলে। এখন মূল সড়কও চলে গেছে ইট-বালুর দখলে। মানুষের চলাচলের কথাটা অন্তত ঠিকাদার ও ব্যবসায়ীদের মাথায় রাখা উচিত।
ইজিবাইকচালক মোস্তফা সরদার বলেন, রাস্তায় ইট-বালু রাখায় গাড়ি চালাতে গিয়ে খুব বেকায়দায় পড়তে হয়।

বয়রা পুলিশ লাইনের সামনে
বয়রা পুলিশ লাইনের সামনে


খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের মূল ফটকের অদূরে রাস্তার ওপর ইট-বালু রেখেছে কাজী এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, ‘অনেকের মালামালই রাস্তায় আছে। আমার খুব অল্প পরিমাণ মালামাল রাখা আছে। জনগণের চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখে অল্প কিছু মাল রাস্তার পাশে রেখেছি।’ তিনি আরও বলেন, সংযোগ সড়কে ঢোকার মুখে সিটি করপোরেশনের লোহার বার থাকায় ভেতরে ট্রাক ঢুকতে পারে না। তাই বাধ্য হয়ে সবাই মালামাল সড়কের ওপর রাখছেন।

বয়রা পূজাখোলা মোড়
বয়রা পূজাখোলা মোড়


সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদের।
তবে খুলনা সিটি করপোরেশনের এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ‘আমরা বলি। কিন্তু কেউ কথা শোনে না। তা ছাড়া কয়েক মাস ধরে আমাদের ম্যাজিস্ট্রেট নেই। তাই অভিযান চালানো সম্ভব হচ্ছে না।’ আজ মঙ্গলবার ও কাল বুধবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নুরুজ্জামান তালুকদার।