
দোকানের সামনে ফুটপাত। এরপর নালা। নালার ওপরে স্ল্যাব বসানো। সব মিলিয়ে প্রশস্ততা প্রায় দশ ফুটের। এরপরও হাঁটার কোনো উপায় নেই। পুরো ফুটপাথ জুড়ে সাজিয়ে রাখা হয়েছে লোহার পাইপ ও নানা রকমের যন্ত্রপাতি। কিছু কিছু জায়গায় ফুটপাথ ছাড়িয়ে রাস্তারও কিছু অংশও দখলে চলে গেছে তাঁদের। আবার কোথাও কোথাও কাভার্ডভ্যান ও ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত বৃহস্পতিবার এই চিত্র দেখা যায় চট্টগ্রাম নগরের ঢাকা ট্রাঙ্ক রোডের পশ্চিম মাদারবাড়ী এলাকায়।
এলাকার প্রায় এক কিলোমিটার অংশে সড়ক ও ফুটপাতের ওপর এমন ‘নৈরাজ্যকর’ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থার কারণে সেখানে মানুষের হাঁটাচলা থেকে শুরু করে যান চলাচলে অসুবিধা হচ্ছে। দীর্ঘ দিন ধরে চলে আসা এ দৃশ্যের পরিবর্তনের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর।
বরং দোকানের সামনের ফুটপাতে যন্ত্রপাতি রাখার পক্ষে সাফাই গেয়েছেন পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। তিনি প্রথম আলোকে বলেন, এটি মূলত বাণিজ্যিক এলাকা। এখানে বিভিন্ন ধরনের গুদাম ও দোকান রয়েছে। এ জন্য দোকানিরা তাঁদের পণ্য ফুটপাত ও নালার ওপর বসানো স্ল্যাবেই রাখেন। তবে রাস্তার ওপর কেউ কিছু রাখেন না। এই ব্যাপারে তদারকি করা হয়।
স্থানীয় কাউন্সিলরের মতে, রাস্তা ও ফুটপাতে পণ্যসামগ্রী রাখাটা তেমন কোনো সমস্যা না। রাস্তায় কাভার্ডভ্যান ও ট্রাক দাঁড়িয়ে থাকাটাই প্রধান সমস্যা। ট্রাফিক পুলিশ কঠোর হলে এই পরিস্থিতির উন্নতি হবে।
এলাকাবাসীদের অভিযোগ, ফুটপাত ও রাস্তার ওপর লোহার যন্ত্রপাতি রাখায় সেখানে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তাঁদের হাঁটাচলা ও যাতায়াতে সমস্যা হয়। এই সড়কে কাভার্ডভ্যান আর ট্রাকের মতো সব ভারী যানবাহন চলাচল করে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হয়।
পশ্চিম মাদারবাড়ী এলাকার তিন বাসিন্দা বলেন, ফুটপাত ও রাস্তা দখল করে রাখায় গাড়ি চলতে পারে না। লোকজনও হাঁটতে পারে না। ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে সমস্যা হয়। মানুষের কষ্টের শেষ নেই। তাঁরা বলেন, স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে বলেও এর কোনো সুরাহা হয় না। দোকানিরাও কথা শোনেন না।
ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় প্রায় ১২০টি লোহা-লক্কড় ও মেশিনের দোকান রয়েছে। নগরের সাগরিকা ও সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে এসব লোহার যন্ত্রপাতি ও মেশিন সংগ্রহ করেন তাঁরা। তা বিক্রির জন্য মাদারবাড়ী এলাকায় নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসব জিনিস কিনতে আসেন। এ ছাড়া মাদারবাড়ী-সংলগ্ন মাঝিরঘাট এলাকায় বিভিন্ন গুদাম রয়েছে। এসব গুদাম থেকে পণ্য নিতে আসা ট্রাক ও কাভার্ডভ্যানগুলোও ডিটি রোডের ওপর দাঁড়িয়ে থাকে।
সাব্বির আহমেদ নামের এক ব্যবসায়ীর দোকানের সামনের ফুটপাত ও রাস্তায় বিভিন্ন ধরনের লোহার পাইপ ও একটি বড় আকারের মেশিন রাখা হয়েছে। রাস্তা ও ফুটপাত দখল করে এসব সামগ্রী রাখার কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘১০ লাখ টাকা অ্যাডভান্স (অগ্রিম) দিয়ে দোকান নিয়েছি। কিন্তু দোকানের সামনে প্রায় সময় কাভার্ডভ্যান আর ট্রাক এনে রেখে দেন চালকেরা। এতে দোকানে কাস্টমার (ক্রেতা) আসতে পারে না। ব্যবসার ক্ষতি হয়। তাই যন্ত্রপাতি রেখে দিয়েছি। এখন আর গাড়ি দাঁড়াতে পারে না।’
মাঈনুদ্দিন নামের আরেক ব্যবসায়ী বলেন, ফুটপাতটি অব্যবহৃত ফুটপাতটি মালামাল রেখে কাজে লাগানো হয়েছে। মো. রায়হান, কবির হোসেন ও মিজানুর রহমান নামের তিন দোকান কর্মচারী বলেন, সবাই রাস্তা ও ফুটপাতে জিনিস রাখছে। তাঁরাও তাই রাখছেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ডিটি রোডের পশ্চিম মাদারবাড়ীর এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে পণ্য রাখার তথ্য তাঁদের কাছে আছে। ওই এলাকায় দীর্ঘ দিন ধরে এই অবস্থা চলে আসছে। এখন কীভাবে রাস্তা ও ফুটপাত পরিষ্কার করা যায় তা নিয়ে ট্রাফিক বিভাগ কাজ করবে।