রাস্তা কেটে ধান চাষ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা গ্রামবাসীর চলাচলের রাস্তা কেটে সেখানে চাষাবাদ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর গ্রামের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটারের একটি কাঁচা রাস্তা কলসকাঠি-ধাপকাঠি পাকা সড়কের সঙ্গে যুক্ত ছিল। রাস্তাটির মোল্লাবাড়ি থেকে পাকা (কলসকাঠি-ধাপকাঠি) সড়ক পর্যন্ত প্রায় ৩০০ গজ কেটে সেখানে ধান চাষ করা হয়। এখনো কাটা অংশটি ধানি জমির চেয়ে উঁচু। ১৮ জানুয়ারি উঁচু অংশ কাটার কাজ শুরু করা হয়। বাকি অংশ খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। পাকা রাস্তায় ওঠার পথে কাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে। স্কুলশিক্ষার্থীসহ গ্রামবাসী এখন আর এই রাস্তা ব্যবহার করতে পারছে না। এতে গ্রামের ৩০টি বাড়ির পাঁচ শতাধিক মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। দুর্গাপুর গ্রামের খাদিজা বেগম বলেন, ‘রাস্তা কাইট্যা খ্যাতের লগে মিলাইয়া দেছে। এহন আর কেউ পাকা রাস্তায় যাইতে পারে না। গ্রামের পোলাপান স্কুলে পর্যন্ত যাইতে পারে না।’
দুর্গাপুর গ্রামের আবুল বাশার হাওলাদার প্রথম আলোকে বলেন, প্রায় ১৬ বছর আগে গ্রামবাসী এ রাস্তাটি নিজেদের খরচে নির্মাণ করে। সিডরের পর এটি একটি বেসরকারি সংস্থা সংস্কার করে দেয়। হঠাৎ গত বছরের আগস্টে রাস্তাটি কেটে ফেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান। এতে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। বহু জায়গায় ধরনা দিয়েও কোনো সমাধান হয়নি।
এই প্রতিবেদক দুর্গাপুর এলাকার ওই রাস্তায় বেশ কিছু নারী-পুরুষের সঙ্গে কথা বলার সময় সেখানে হাজির হন রাস্তা কেটে ধান চাষের সঙ্গে যুক্ত আলী হোসেন হাওলাদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে আগে একটি বেড়িবাঁধ ছিল। সেটাকে রাস্তা বানানোর চেষ্টা করা হয়েছিল। একসময় এই জায়গা হিন্দুদের ছিল, আমরা সেটা নিয়ে নিয়েছি। আমরা আমাদের জমিতে ধান চাষ করেছি।’ যাওয়ার সময় তিনি এলাকাবাসীকে হুমকি দিয়ে বলেন, ‘যদি রাস্তা নিতে পারো, তাহলে নিয়ো।’
গ্রামের নাছিমা বেগম, সেলিনা বেগম, জাকিয়া বেগম, রহিমা বেগম, শিক্ষার্থী খুশি বেগম, সীমা আক্তারসহ সবারই দাবি, রাস্তাটি সংস্কার করে পাকা সড়কে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান বলেন, ‘আমার জমিতে আমি চাষ করেছি। ওখানে কোনো রাস্তা ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বৈঠক হয়েছিল। সেখানে আমার জমির কাগজপত্র দেখিয়েছি। আমার জমিতে কোনো রাস্তা দেব না।’
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও জয়নাল আবেদীন বলেন, ‘শুনেছি, চলাচলের রাস্তা কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে গত শনিবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেছি। কিন্তু এক পক্ষ জায়গা নিজস্ব দাবি করে সেখানে রাস্তা করতে দেবে না বলায় বৈঠকে কোনো সমাধান হয়নি।’