রাস্তা ঘেঁষে মাটি কাটায় ভাঙনের ঝুঁকিতে গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের তীর ও রাস্তা ঘেঁষে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা হিজলাকর গ্রাম নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।
জিলাপীতলা হিজলাকর গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হিজলাকর গ্রামের রাস্তা ঘেঁষা (গ্রাম রক্ষাবাঁধ) ও গড়াই নদের তীরবর্তী একটি জমির মালিক পাথরবাড়ীয়া গ্রামের আবদুল্লাহর স্ত্রী মনিরা খাতুন। আবদুল্লাহ ওই জমির মাটি সদকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমানের কাছে বিক্রি করেছেন। আর ওই মাটি কেটে লুৎফর রহমানের নিজের মালিকানাধীন ইটভাটায় নেওয়া হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে চেয়ারম্যানের লোকজন দাঁড়িয়ে থেকে ওই মাটি কেটে নিচ্ছেন।
গ্রামের কয়েকজন বাসিন্দা আরও বলেন, বিভিন্ন যানবাহনে করে মাটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। মাটি কাটতে গিয়ে তাঁদের গ্রামের রাস্তার কিনারাও কেটে ফেলা হচ্ছে। এতে আগামী বর্ষায় গ্রামের অধিকাংশ বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কার করছেন তাঁরা।
এ ব্যাপারে জানতে চাইলে সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইটভাটার প্রয়োজনে ওই মাটি কিনেছি। ওই জমির মাটি কেটে নেওয়ায় গ্রামের রাস্তা (গ্রাম রক্ষাবাঁধ) ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’