রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে শহরের পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই কিশোরী শহরের নয়ামাটি এলাকার ফারিশা হোসিয়ারির শ্রমিক। সে পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকায় ভাড়া থাকে। এ ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী নিজাম উদ্দিনের ছেলে সজীব ও তার সহযোগী রাশেদসহ চারজন ওই কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জেলা সিভিল সার্জনের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।