রাস্তা দখল করে আ.লীগ নেতার ঘর নির্মাণ
নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি ভাটোপাড়া গ্রামে সরকারি জমি ও রাস্তা দখল করে আওয়ামী লীগের স্থানীয় নেতা আক্কাছ আলী মণ্ডল পাকা ঘর নির্মাণ করছেন। এতে চলাচলের রাস্তা হারিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী।
উপজেলার শেরকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাছ আলী মণ্ডল বলেন, ‘এ রকম অনেক খাসজমিই তো গ্রামের অনেকের দখলে রয়েছে। তা ছাড়া রাস্তার জন্য তো কিছু জমি ফেলে রাখা হয়েছে। তাতে চলাচলের অসুবিধা হওয়ার কথা না। আসলে গ্রামের কিছু মানুষ আমার এখানে ঘর করাটা সহ্য করতে পারছে না।’
সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, ‘ওই জমি জরিপ করে বাড়ির নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘরের যে অংশটুকু রাস্তার মধ্যে পড়েছে, তা দখলদারকে সরিয়ে নিতে বলা হয়েছে। তা অপসারণ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ভাগনাগরকান্দি মৌজার ১৫১০ নম্বর দাগের খাস পাঁচ শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন কাঁচা রাস্তা (সরকারি ডহর) হিসেবে ব্যবহার করছেন।
সম্প্রতি স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাছ আলী মণ্ডল রাস্তার ওই পাঁচ শতক জমি দখল করে পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয় লোকজন নিষেধ করলেও তিনি তা আমলে নেননি। পরে এলাকার লোকজন এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সরকারি পাঁচ শতক জমির প্রায় পুরোটা দখল করে বাড়ি নির্মাণের কাজ চলছে। বাড়ির মূল নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে বাড়ির এক কোনায় মানুষের চলাচলের জন্য সামান্য কিছু জায়গা রাখা হয়েছে।
গ্রামের কৃষক ওয়াজেদ আলী বলেন, ‘বাড়িটি নির্মাণ করায় আমরা পাওয়ার টিলার (কলের লাঙল) ও গরু-ছাগল নিয়ে চলাচল করতে পারছি না। আমরা বাড়িটি অপসারণ করে রাস্তাটি উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।’