রাস্তা দখল করে কাঁচাবাজার রিকশা-অটোর স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার দুই পাশে প্রায় আধা কিলোমিটারজুড়ে ফল, সবজি আর মাছের বাজার। আছে রিকশা, অটোরিকশা ও লেগুনার স্ট্যান্ড। আবদুল্লাহপুর থেকে তেরমুখগামী সড়কের আবদুল্লাহপুর অংশের দুপাশ অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে কাঁচাবাজার আর রিকশাস্ট্যান্ড। ফলে ঝুঁকি নিয়ে মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আবদুল্লাহপুর-তেরমুখ সড়কের আবদুল্লাহপুর অংশের শুরুতেই এক পাশে ফলের দোকান, অন্য পাশে রাস্তার ওপর দুই সারি রিকশা দাঁড়ানো। এরপর শুরু কাঁচা সবজি আর মাছের বাজার। ব্যাটারিচালিত অটোরিকশা আর মঠবাড়িগামী লেগুনাগুলোও যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাস্তায়। রাস্তার ওপর দাঁড়িয়ে বাজার করছেন অনেকে। দুই লেনের রাস্তা সরু হয়ে এখন এক লেনেরও কম হয়ে গেছে। একটু সময় পরপর সৃষ্টি হচ্ছে যানজট। মূল সড়কে নেমে হাঁটতে গিয়ে গা ঘেঁষে চলে যাওয়া রিকশা কিংবা লেগুনার ভয়ে আঁতকে উঠছেন অনেকে। এভাবে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন অনেকে।
আবদুল্লাহপুরের ওই সড়ক দিয়ে চলাচল করেন উত্তরখান ইউনিয়নের ফায়দাবাদ, আটিপাড়া, মাস্টারবাড়ি, মাউসাইদ, উজামপুর, চাঁনপাড়া প্রভৃতি এলাকার বাসিন্দারা। ওই পথে চলাচলকারী একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তাঁরা বলেন, এখানে রাস্তার দুই পাশে সবজি বাজার থাকায় চলাচলে অনেক সমস্যা হচ্ছে। সকাল ও বিকেলে যানজট হয় সবচেয়ে বেশি। তখন অনেক সময় আটকে থাকতে হয়।
চাঁনপাড়ার বাসিন্দা রমজান মিয়া বলেন, কাঁচাবাজারের কারণে চলাচলে অনেক সমস্যা হচ্ছে। কারণ, রাস্তার ওপর দাঁড়িয়ে লোকজন এখানে বাজার করে। তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায়, কোনো কোনো দোকানের পেঁয়াজ, রসুন, আলু প্রভৃতির বস্তা বা খাঁচা রাস্তার ওপরেও রাখা হয়।
পথচারীদের অনেকে বলেন, সড়কটির আবদুল্লাহপুর মুখ থেকে প্রায় ২০০ মিটার ভেতরে আছে আবদুল্লাহপুর বেড়িবাঁধ অটোস্ট্যান্ড। রিকশা, অটোরিকশা কিংবা লেগুনার সেখানেই থাকার কথা। কিন্তু চালকেরা স্ট্যান্ডে যান না।