রাস্তা দখল করে গাছ রোপণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়ার মালিগাছা গ্রামে রাস্তা দখল করে গাছ লাগানোর ফলে রাস্তাটি সরু হয়ে গেছে। এতে তিন গ্রামের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে l প্রথম আলো
নাটোরের বাগাতিপাড়ার মালিগাছা গ্রামে রাস্তা দখল করে গাছ লাগানোর ফলে রাস্তাটি সরু হয়ে গেছে। এতে তিন গ্রামের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে l প্রথম আলো

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালিগাছা গ্রামের এক কলেজশিক্ষকের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে বিপুলসংখ্যক গাছ লাগানোর অভিযোগ উঠেছে। দখলের কারণে রাস্তাটি সরু হয়ে যাওয়ায় তিন গ্রামের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

গত মঙ্গলবার বিকেলে সরেজমিন উপজেলার মালিগাছা গ্রামে দেখা যায়, মালিগাছা-নিমতলা মাটির রাস্তাটির এক পাশের প্রায় এক হাজার ফুট দীর্ঘ ও প্রায় পাঁচ ফুট প্রশস্ত অংশের মাটি কেটে পাশের জমির সঙ্গে একত্র করা হয়েছে। ওই অংশে বরইগাছ লাগানো হয়েছে। ফলে রাস্তার ওই অংশটি বেশ সরু হয়ে গেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরু-মহিষের গাড়ি ও ট্রাক্টর চলাচল করতে পারছে না। এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। গ্রামের অন্তত তিনজন জানান, রাস্তার পাশের প্রায় তিন একর জমির মালিক ইউনুস আলী এ ঘটনাটি ঘটিয়েছেন।

মালিগাছা নতুনপাড়া গ্রামের আবদুর রাজ্জাক বলেন, এই একটি মাত্র রাস্তা দিয়ে মালিগাছা নতুনপাড়া, গাঁওপাড়া, চকমাহাপুর গ্রামের কয়েক হাজার লোক চলাচল করেন। সম্প্রতি রাস্তাটি সরকারি খরচে উঁচু করা হয়েছে। হঠাৎ করে গত শুক্রবার ইউনুস আলী রাস্তার মাটি কেটে তাঁর জমিতে ফেলে রাস্তা ও জমি সমতল করে ফেলেছেন। গ্রামবাসী নিষেধ করলেও তিনি তা শোনেননি।

এ ব্যাপারে স্থানীয় ১ নম্বর পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সরকারের ৪০ দিনের কর্মসূচির আওতায় রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এই রাস্তার মাটি কেটেতিনি বরইগাছ লাগিয়েছেন। এ কাজ করার আগে তাঁর উচিত ছিল চেয়ারম্যান হিসেবে আমাকে জানানো এবং সার্ভেয়ার দিয়ে জমি জরিপ করানো। তা না করে তিনি রাস্তা কেটে গাছ লাগানোর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।’

অভিযুক্ত ইউনুস আলী বলেন, ‘আমি আমার জমির মাটি কেটে সমান করে সেখানে বরইগাছ লাগিয়েছি। আমি সরকারি রাস্তা দখল করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’