রাস্তা দখল করে ট্রাকস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের দুই পাশে কোথাও কোথাও দু–তিন সারি করেও ট্রাক ​রাখা হয়েছে। এ কারণে সড়ক সরু হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। ছবিটি গত শনিবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা l আনিস মাহমুদ
সড়কের দুই পাশে কোথাও কোথাও দু–তিন সারি করেও ট্রাক ​রাখা হয়েছে। এ কারণে সড়ক সরু হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। ছবিটি গত শনিবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা l আনিস মাহমুদ

প্রশাসন থেকে শুরু করে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ, এমনকি ট্রাকচালকেরা পর্যন্ত অবৈধ ট্রাকস্ট্যান্ড স্থাপনের বিষয়টি স্বীকার করেছেন। তবু এই স্ট্যান্ড উচ্ছেদে কারও কোনো উদ্যোগ নেই।

 নগরের কিনব্রিজ এলাকার সার্কিট হাউস থেকে কোতোয়ালি থানা সড়ক এবং কিনব্রিজ থেকে তালতলামুখী সড়কে প্রতিদিন শতাধিক ট্রাক সারি সারি করে রাখা হয়। সন্ধ্যার পর এসব ট্রাক নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। তিন মাস ধরে এই অবস্থা চলছে। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ট্রাক রাখার কারণে কিনব্রিজ এলাকায় জনসমাগম কমে গেছে।

কয়েকজন স্থানীয় ব্যবসায়ী বলেন, রাস্তার দুই পাশে এভাবে ট্রাক রাখায় গাড়ি চলাচলের পথ অনেকটা সংকুচিত হয়ে পড়ে। প্রতিদিন এ সড়ক দিয়ে অন্তত হাজার খানেক প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করে। এ কারণে মাঝেমধ্যে এখানে যানজট লেগে যায়। আর একবার যানজট লাগলে তা কয়েক ঘণ্টা অব্যাহত থাকে।

স্থানীয় কয়েক বাসিন্দা ও পথচারী বলেন, কিনব্রিজ এলাকার পাশের কালীঘাট এলাকায় নগরের সর্ববৃহৎ পাইকারি বাজার অবস্থিত। তাই প্রতিদিন রাতে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকভর্তি মালামাল আসে। রাতভর সেসব মালামাল ট্রাক থেকে নামানো হয়। অনেক ট্রাক ভোরের দিকে আসায় সকালেও মালামাল নামে। দিনে নগরে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় এসব ট্রাক মাল নামানো শেষে সেখানেই রাখতে হয়। আগে কালীঘাট এলাকায় দিনের বেলা ট্রাক রাখলেও তিন মাস ধরে পাশের গুরুত্বপূর্ণ কিনব্রিজ এলাকায় ট্রাক রাখছেন চালকেরা।

স্থানীয় ব্যবসায়ী মতলব মিয়া বলেন, কিনব্রিজ এলাকার পাশেই কোতোয়ালি মডেল থানা, সার্কিট হাউস, পৌর ভবন ও পৌর পাঠাগার অবস্থিত। এ ছাড়া সুরমা নদী পাশে থাকায় দিনভর এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আড্ডা দিতে আসেন। তবে সাম্প্রতিক সময়ে সড়কের দুই পাশ দখল করে ট্রাক রাখায় পথচারী, যাত্রী ও নাগরিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নগরে কোনো স্থায়ী স্ট্যান্ড না থাকায় চালকেরা বাধ্য হয়ে কিনব্রিজ এলাকায় ট্রাক রাখছেন বলে জানান ট্রাকচালক কবির মিয়া। তিনি বলেন, চালকেরা বাধ্য হয়ে এখানে ট্রাক রাখছেন। বিকল্প স্থান পেলে চালকেরা এখানে আর গাড়ি রাখবেন না।

.
.

আরেক ট্রাকচালক শমসের আলী বলেন, দীর্ঘদিন ধরে একটি ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবি করে আসছেন চালকেরা। দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে নগরবাসীকে ভোগান্তিতে ফেলে সড়কের পাশে ট্রাক রাখতে হচ্ছে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, দক্ষিণ সুরমায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। এখন একটি কালভার্ট ও নিরাপত্তাবেষ্টনীর কাজ শুরু হবে। আগামী জুনের মধ্যে ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজ শেষ হবে। এরপর নগরের কোথাও আর অস্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণ করতে দেওয়া হবে না।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কিনব্রিজ এলাকায় অস্থায়ী ট্রাকস্ট্যান্ডটি করার পর সেখানে আগের তুলনায় যানজট বেড়েছে। তা ছাড়া ট্রাক রাখার কারণে এখন সেখানে সুরমা নদীর সৌন্দর্য উপভোগ করতে মানুষজন কম যাচ্ছে। আবার সমস্যা হচ্ছে, অভিযান শুরু করলেই চালকেরা রাস্তা অবরোধ করে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করেন। কীভাবে বিষয়টির সমাধান করা যায়, তার চেষ্টা চলছে।
সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, কিনব্রিজ এলাকায় যত্রতত্র ট্রাক রাখায় মাস খানেক আগে জেলা প্রশাসন একটি অভিযান চালিয়েছিল। এর প্রতিবাদে চালকেরা তখন পুরো এলাকায় ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করেন। তবে অবৈধ ট্রাকস্ট্যান্ডটি অপসারণের ব্যাপারে জেলা প্রশাসন খুবই আন্তরিক। কয়েক দিনের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে।