রাস্তা দখল করে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর–১ নম্বরে হযরত শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট শপিং সেন্টার থেকে নির্মাণাধীন হযরত শাহ আলী সুপার মার্কেট পর্যন্ত মূল রাস্তার দুই-তৃতীয়াংশ থাকে অবৈধ কাঁচাবাজারের দখলে l ছবি: প্রথম আলো
মিরপুর–১ নম্বরে হযরত শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট শপিং সেন্টার থেকে নির্মাণাধীন হযরত শাহ আলী সুপার মার্কেট পর্যন্ত মূল রাস্তার দুই-তৃতীয়াংশ থাকে অবৈধ কাঁচাবাজারের দখলে l ছবি: প্রথম আলো

মিরপুর ১ নম্বরে হযরত শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট শপিং সেন্টার থেকে নির্মাণাধীন হযরত শাহ আলী সুপার মার্কেট পর্যন্ত মূল রাস্তার দুই-তৃতীয়াংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ কাঁচাবাজার। হযরত শাহ আলী কাঁচাবাজারের সামনের এই অংশে রাস্তার ওপরেই দুই শতাধিক অস্থায়ী দোকান চোখে পড়ে। ভ্রাম্যমাণ দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসার ধরন ও দোকানের আকার অনুযায়ী দৈনিক দোকানপ্রতি ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত খাজনা তোলেন বাজার নিয়ন্ত্রণকারীরা। কারা নিচ্ছেন এ টাকা, বাজার বসানোর অনুমতিই বা কারা দিলেন—এ বিষয়ে ব্যবসায়ীরা মুখ খোলেননি। দোকানিরা জানালেন, প্রতিদিন লাইনম্যান এসে টাকা তোলেন। যদিও গত মঙ্গলবার দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেও লাইনম্যানের দেখা পাওয়া যায়নি। এমনকি তার খোঁজও কেউ দিতে পারেননি। এ ছাড়া অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে তাঁরা কখনো সিটি করপোরেশন, কখনো বাজার সমিতির কথা উল্লেখ করেন।
রাস্তার ওপরের ভ্রাম্যমাণ আম ব্যবসায়ী ও মিরপুর ৪ নম্বর এলাকার বাসিন্দা সানোয়ার রহমান বলেন, ‘এখানে বসার অনুমতি নাই। সবাই বসে, তাই আমিও বসছি। সিটি করপোরেশন টাকা নেয়। প্রতিদিন ১০০ টাকা করে দেই।’
আরেকজন অস্থায়ী ব্যবসায়ী মো. জনি বলেন, ‘পাঁচ বছর হইল এখানে ব্যবসা করি। লাইনম্যান দোকান বসায়, খাজনা উঠায়। প্রতিদিন ২০০ টাকা করে দেই।’
প্রতিদিন সকালে জমজমাট বাজার বসে এখানে। দুপুরের দিকে ভিড় খানিকটা কম হলেও বিকেল থেকে সন্ধ্যা অবধি বেড়েই চলে লোকজনের আনাগোনা। রাস্তার এ অংশ তখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কখনো কখনো দেখা দেয় তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের (হযরত শাহ আলী সিটি করপোরেশন মার্কেট) সভাপতি কাজী আলাউদ্দীন দোকানিদের দেওয়া তথ্য অস্বীকার করেন। বলেন, ‘ওটা ভাসমান বাজার, আমাদের আওতার মধ্যে পড়ে না। এটা দেখার দায়িত্ব প্রশাসন বা সিটি করপোরেশনের। কে বা কারা এ বাজার পরিচালনা করছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না।’
হযরত শাহ আলী কাঁচাবাজারের অন্য কোনো মালিক সমিতি আছে কি না, জানতে চাইলে তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যেই শুনি ওদের কমিটি গঠন হচ্ছে। কারা ওই কমিটিতে আছে, তা বলতে পারব না। তবে এখন কোনো কমিটি আছে বলে মনে হয় না।’
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, এগুলোর সবই অবৈধ। তিনি আরও বলেন, ‘এগুলো সাধারণত সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক নেতা-কর্মী ও টাউট-বাটপার ধরনের লোকদের জন্য হচ্ছে। তারা নানা রকম প্রভাব খাটিয়ে এগুলো নিয়ন্ত্রণ করে। অনেক সময় বাজার সমিতি ও সিটি করপোরেশনের নাম ভাঙিয়েও এসব ব্যবসা চলে। ঢাকা শহরে এমন অনেক বাজার আছে, যেগুলো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা নিয়ন্ত্রণ করছেন। তবে আমরা লিখিত অভিযোগ পেলে এ ধরনের অবৈধ বাজার তুলে দিই।’