রাস্তা দখল করে রমরমা ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ফুটপাত ও রাস্তা দখল করে ইফতারসামগ্রী বিক্রি ও ঈদের কেনাকাটা চলছে। এতে পথচলতি মানুষের দুর্ভোগের পাশাপাশি যান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে। কিন্তু বিষয়টির দিকে যেন কোনো দৃষ্টি নেই কর্তৃপক্ষের।
অভিযোগ পাওয়া গেছে, কিছু এলাকায় ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে সিটি করপোরেশন টোল আদায় করছে। আবার কোনো এলাকায় সিটি করপোরেশন নয়, পুলিশকে পয়সা দিতে হয় মৌসুমি ব্যবসায়ীদের।
নগরের গণকপাড়ার মোড় থেকে সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার পূর্ব পাশ দিয়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। বেশির ভাগই পোশাক ব্যবসায়ী। এ ছাড়া ইফতারসামগ্রীও নিয়ে বসেছেন কেউ কেউ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, গণকপাড়ায় হোটেল মেমোরীর ইফতারসামগ্রী বিক্রির জন্য হোটেলের সামনের রাস্তার বড় একটা অংশ দখল করে স্টল বানানো হয়েছে। দুপুরের পর থেকে সেখানে ইফতারের পসরা নিয়ে বসেন হোটেলের কর্মচারীরা। বেলা দুইটা থেকে স্টল সাজাতে শুরু করেন তাঁরা। রাস্তার ওপর এভাবে বেচাবিক্রির বিষয়ে হোটেলের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, তাঁরা দুদিন থেকে এই কাজ শুরু করেছেন। এটা না করলে ভেতর থেকে ব্যবসা হচ্ছে না। হোটেল মেমোরীর স্টলের পাশেই রাস্তার ওপর বসেছে একটি পোশাকের দোকান। সেখানে প্রচুর বেচাকেনা হচ্ছে। দোকানি বলেন, রাস্তার ওপর এভাবে ব্যবসা করার বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। তবে পুলিশ এসে বলে গেছে, ২০ রোজার পর থেকে তাদের পয়সা দিতে হবে। নইলে দোকান ভেঙে দেওয়া হবে। একই এলাকায় রাস্তার ওপর দোকান বসিয়ে পোশাক বিক্রি করছেন মাসুদ রানা। তিনিও টোল দেওয়ার বিষয়ে একই কথা জানালেন।
সাহেব বাজার এলাকায় ভুবনমোহন পার্কের সামনে দিয়ে রাস্তার দুই পাশ দখল করে জুতা ও স্যান্ডেলের বেশ কিছু দোকান রয়েছে। এই দোকানগুলো বরাবরই থাকে। ঈদ সামনে রেখে দোকানিরা কেবল পণ্য বাড়িয়েছেন। দোকানি মশিউর রহমান বলেন, এই রাস্তা সিটি করপোরেশন ইজারা দিয়েছে। ব্যবসায়ীরা প্রতিদিন তিন টাকা করে খাজনা দেন। বিনিময়ে ইজারাদার একটা রসিদ দেন। তিনি একটা রসিদ বের করেও দেখান।
একই চিত্র সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনেও। সেখানে রাস্তার ওপরে সারি সারি দোকান। এসব দোকান থেকে সিটি করপোরেশনের ইজারাদার রসিদ দিয়ে টোল আদায় করেন।
এভাবে রাস্তা দখল করে ব্যবসার বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম বলেন, পুলিশ তাঁকে বিষয়টি জানিয়েছে। তিনি তাদের দোকানপাট গুঁড়িয়ে দিতে বলেছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে ঈদের পর অভিযান শুরু হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে নিযাম-উল-আযীম বলেন, ‘ঈদের পরে রাস্তায় বা ফুটপাতে কোনো দোকান থাকবে না। আর গণকপাড়া এলাকায় নেতাদের কারণে হাত দেওয়া যায় না। এবার কোনো নেতার কথা শুনব না। পারলে তারা আমার গদি নিয়ে নিবে।’