রাস্তা নির্মাণে নিম্নমানের ইট, এলাকাবাসীর বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিম্নমানের ​ইট দিয়ে কাজ করার অভিযোগে এলাকাবাসী তা তুলে রা​স্তার পাশে রেখে দেয়। ঠিকাদারের লোকজন ওই ইট দিয়েই আবার রাস্তার কাজ করছেন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিম্নমানের ​ইট দিয়ে কাজ করার অভিযোগে এলাকাবাসী তা তুলে রা​স্তার পাশে রেখে দেয়। ঠিকাদারের লোকজন ওই ইট দিয়েই আবার রাস্তার কাজ করছেন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা-সস্তা সড়ক পাকা করার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন এবং নিম্নমানের ইটগুলো তুলে ফেলেছেন। এর পরও ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ করছেন বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, মহেশপুরের নাটিমা বাজার থেকে পশ্চিম দিকে একটি রাস্তা বেরিয়ে একই উপজেলার সস্তা বাজারে গিয়ে মিলেছে। রাস্তাটি এর আগে ইট দিয়ে নির্মাণ করা ছিল। এখন সেই রাস্তার এক কিলোমিটার পিচ করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ জন্য ৪৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পুরোনো ইট উঠিয়ে নতুন ইট দেওয়ার জন্য পুরোনো ইটের মূল্য ধরা হয়েছে ১৬ লাখ টাকা। ঠিকাদার বিল পাবেন ৩৩ লাখ টাকা। প্রায় দুই সপ্তাহ হলো রাস্তায় কাজ শুরু করেছেন ঠিকাদার মো. আসাদুজ্জামান। খোয়া বিছানোর কাজ চলছে।
এদিকে রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকাবাসী সংস্কারকাজ বন্ধ করে দেন। ১৩ অক্টোবর তাঁরা রাস্তায় নেমে আসেন। ঠিকাদারের ব্যবহৃত নিম্নমানের ইট রাস্তা থেকে তুলে ফেলে দেন। সেই সঙ্গে ঠিকাদারকে বলেন, ভালো ইট দিয়ে কাজ করতে।
নাটিমা গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান জানান, রাস্তা নির্মাণের জন্য যে মানের ইট দেওয়ার কথা ঠিকাদার তা দিচ্ছেন না। ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
তবে ঠিকাদার আসাদুজ্জামান জানান, ওই রাস্তায় আগে ইট বিছানো ছিল। ওই ইট উঠিয়ে সেগুলো ভেঙে খোয়া তৈরি করে সেই খোয়া রাস্তায় ব্যবহার করার কথা। সেভাবেই করা হচ্ছে। কিন্তু কিছু নতুন ইট প্রয়োজন হওয়ায় তিনি স্থানীয় একটি ভাটা থেকে ইট এনেছেন। তার মধ্যে ভাটা কর্তৃপক্ষ কিছু খারাপ ইট দেওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে ভালো ইট দিয়ে কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে এলজিইডির মহেশপুর উপজেলা প্রকৌশলী জাকারিয়া হোসেন জানান, বর্তমানে যে ইট দিয়ে কাজ হচ্ছে তার মান খুব খারাপ নয়। রাস্তাটি যাতে ভালোভাবে নির্মাণ করা যায় সে ব্যাপারে ঠিকাদারকে বলে দেওয়া হয়েছে।