রাস্তা বন্ধ করায় ১৬ পরিবার অবরুদ্ধ ১৯ দিন
জামালপুর পৌর শহরের পলিশা গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। জিয়াউল হক নামে তাদের এক প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো ১৯ দিন ধরে চলাচলে বিড়ম্বনায় পড়েছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য একটি মাটির রাস্তা। নতুন টিনশেড ঘর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার কিছু দূর পর আড়াআড়িভাবে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, পুরো রাস্তাটির দৈর্ঘ্য ছিল ৯০ ফুট ও প্রস্থ ৫ ফুট। ৩০ বছর ধরে ওই সব পরিবার রাস্তাটি দিয়ে চলাচল করত। হঠাৎ গত ১৭ মে প্রতিবেশী জিয়াউল হক রাস্তাটিতে একটি টিনশেডের ঘর নির্মাণ করেন। পরিবারগুলো বাধা দিতে গেলে তিনি রাস্তার মধ্যে আড়াআড়িভাবে আরও একটি বেড়া দিয়ে বন্ধ করে দেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় ১৬টি পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন।
অবরুদ্ধ একটি পরিবারের সদস্য রাসেল মিয়া বলেন, ‘১৬টি পরিবারের সদস্যরা জামালপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। সে কারণে সবাই এখানে জমি কিনে বসবাস করছেন। সবাই শান্তিপ্রিয় মানুষ। যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছেন, তিনি একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। ২০ থেকে ৩০ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে পরিবারগুলো চলাচল করছে। হঠাৎ করে জিয়াউল হক তাঁর জমি দাবি করে রাস্তাটি দখল করে নেন। রাস্তার মধ্যে ঘর নির্মাণ ও টিনের বেড়া দিয়েছেন। ২০ দিন ধরে চলাচলে আমরা বেকায়দার মধ্যে রয়েছি। রাস্তাটি ছেড়ে দিতে জিয়াউল হক প্রথমে ৫ লাখ টাকা দাবি করেন। অনেকটা বাধ্য হয়ে ৫ লাখ টাকা দিতে রাজি হলে, এখন তিনি ২০ লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।’
অবরুদ্ধ পরিবারের আরেক সদস্য লুৎফর রহমান বলেন, ‘রাস্তার মধ্য দিয়ে ১৬টি পরিবারের গ্যাসলাইনের পাইপ, বিদ্যুৎলাইনের খুঁটি পোঁতা রয়েছে। ৩০ বছরের মধ্যে রাস্তার জায়গাটি জিয়াউল হক তাঁর বলে দাবি করেননি। হঠাৎ তিনি রাস্তা বন্ধ করে ২০ লাখ টাকা দাবি করছেন। বিষয়টি নিয়ে অনেকের কাছে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এ নিয়ে এলাকায় কয়েকটি সালিস বৈঠক হয়। সেখানেও একটি চক্র তাঁর পক্ষ নিয়ে ২০ লাখ টাকা দাবি করে।’
জিয়াউল হক বলেন, ‘পুরো এলাকার বেশির ভাগ জমি আমাদের ছিল। ওই সব পরিবার যেসব জমি কিনেছে, সেগুলোও আমাদের বাপ-চাচার ছিল। রাস্তার পুরো জমিটি আমার। তাঁরা দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে চলাচল করেছেন। আমার প্রয়োজন হওয়ায় এখন জমিটি নিয়েছি। এখানে দখলের প্রশ্ন আসবে কেন? তাঁরা এখন রাস্তাটি বাজারমূল্যে কিনে নিলে আমি দিতে পারি।’
জামালপুর সদর থানার এএসআই মো. মোশফিকুর রহমান বলেন, ‘পুরো বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত রাস্তাটি বন্ধ না করতে জিয়াউল হককে বলা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’