
যশোর শহরের ব্যস্ততম নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়ক বন্ধ করে মঞ্চ বসিয়ে গতকাল বুধবার জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করেছে। এ কারণে শহরের প্রায় প্রতিটি সড়কে যানজট তৈরি হয়। ফলে শহরবাসীকে দুর্ভোগের শিকার হতে হয়েছে।
শহরের কয়েকজন বলেন, মঙ্গলবার রাত থেকে নেতাজি সুভাষ চন্দ্র সড়কের চিত্রা মোড়ে মঞ্চ নির্মাণের কাজ চলে। রাতে এ মোড় দিয়ে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন শহরে ঢোকে। মঞ্চ নির্মাণের কারণে মঙ্গলবার রাত ১০টার দিক থেকে পরিবহনের দীর্ঘ লাইন পড়ে যায়। গতকাল বেলা ১১টা থেকে মঞ্চে আলোচনা সভা শুরু হয়। এ সময় সেখানে ছাত্রলীগের অন্তত ১০ হাজার নেতা-কর্মীর সমাগম ঘটে। এ কারণে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় পথচারীদের অন্য পথ ঘুরে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় থেকে চৌগাছা মোড়ে যেতে হয়েছে। ওই সড়ক বন্ধ ও সমাবেশের লোক সমাগমের কারণে শহরের মাওলানা মোহম্মদ (এমএম) আলী, হাজী মুহম্মদ মহসীন, গোহাটা, রেল, রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সমাবেশের আগে সকাল ১০টার দিকে ওই সড়কের গাড়িখানা এলাকায় দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এটি শহর ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে ৬৯ পাউন্ড ওজনের কেক কেটে ছাত্রলীগের জন্মদিন উদ্যাপন করা হয়। সন্ধ্যায় চিত্রা মোড়ের ওই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় ৬৯টি ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘ওই মোড়ে সব দলই তো প্রোগ্রাম করে। অলিখিতভাবে মোড়টি সব ধরনের অনুষ্ঠান করার জায়গা হয়ে গেছে। মাঠে অনুষ্ঠান করলে প্রচুর ধুলা-ময়লা ওড়ে। এ জন্য রাস্তার ওপর করা হয়েছে। তা ছাড়া আমরা তো রাস্তা বন্ধ করিনি। অনুষ্ঠানে অন্তত ১৫ হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। মানুষের চাপে রাস্তা বন্ধ হলে আমাদের কী করার আছে।’