রাস্তা বন্ধ করে দালান, দুর্ভোগের একশেষ

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে রাস্তা বন্ধ করে স্থানীয় লোকজন দালান তৈরির কাজ করছেন। ইট, বালু, সিমেন্টসহ নানা নির্মাণসামগ্রী ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন ভোগান্তিতে পড়েছে।
সৈয়দপুর পৌরসভার আয়তন ৪২ বর্গকিলোমিটার। আর শহর এলাকায় বসবাস করে প্রায় দুই লাখ মানুষ। গতকাল সোমবার সরেজমিনে শহরের সাহেবপাড়া, মুন্সিপাড়া, কয়ানিজপাড়া, পুরাতন বাবুপাড়া, নতুন বাবুপাড়া, মিস্ত্রিপাড়া, বাঁশকাড়ি, রসুলপুর, ইসলামবাগ, মুন্সিপাড়া, কাজীরহাট, গোলাহাট, বাঙালিপুর নিজপাড়া, খেজুরবাগ প্রভৃতি এলাকায় দেখা গেছে, চলাচলের রাস্তা বন্ধ করে দালান তৈরির জন্য নির্মাণসামগ্রী রাখা হয়েছে।
রাস্তার ওপরে বালু, সিমেন্ট, রড, খোয়া, পাথর, ইট ইত্যাদি রেখে কাজ করায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় রিকশা বা গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। আবার দু-একটি জায়গায় বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে দালানের ঢালাইয়ের কাজ করা হচ্ছে। রাস্তায় নির্মাণসামগ্রী রাখায় অনেকটা পথ ঘুরে লোকজনকে চলাচল করতে হচ্ছে।
চাঁদনগর মহল্লার শহীদ আজিজুল হক স্ট্রিটে রিকশা করে যাচ্ছিলেন ওই এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন। কিন্তু পথের এক জায়গায় নির্মাণসামগ্রী রাখায় রাস্তা বন্ধ হয়ে গেছে। রিকশা থেকে নেমে হেঁটে যাওয়া শুরু করেন তিনি। তিনি বলেন, ‘আমরা এসব বাড়িওয়ালার কাছে জিম্মি। রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দেওয়ার কোনো অধিকার কি তাঁদের রয়েছে?’
নতুন বাবুপাড়ার পৌরসভা সড়কেও একই অবস্থা। যে যাঁর মতো রাস্তা দখল করে ইট-বালুর স্তূপ করেছেন। মুন্সিপাড়ার বাসিন্দা নতুন বাড়ি নির্মাণকারী আবদুস সাত্তার বলেন, তাঁরা বোঝেন যে পথচারীরা কষ্ট পোহাচ্ছে। কিন্তু তাঁদের আর কোনো বিকল্প নেই। জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় নির্মাণসামগ্রী রাখতে হয়।
নয়াটোলার এক বাড়িমালিক বলেন, নতুন নতুন ভবন হচ্ছে বলে শহর উন্নত হচ্ছে। পথচারীকে এ দুর্ভোগ মেনে নিতে হবে। প্রতিবেশীকে সাহায্য করতে চাইলে কিছু দুর্ভোগ মেনে নিতে হয়।
শহরের একাধিক বাসিন্দা বলেন, সঙ্গে শিশু বা রোগী থাকলে ভোগান্তি চরমে পৌঁছায়। তারা হেঁটে যেতে পারে না। আবার মালপত্র থাকলে হেঁটে যাওয়া কঠিন। এক রিকশা থেকে নেমে আরেক রিকশা নিলে খরচ বেশি হয়। সময়েরও অপচয়।
সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার বলেন, রাস্তা বন্ধ করে নির্মাণসামগ্রী রাখায় মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে খুব শিগগির প্রচারণা চালানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।