রাস্তা সম্প্রসারণের নামে গাছ কর্তন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজ থেকে রেলগেট পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের নামে সড়কের পশ্চিম পাশের সব গাছ কেটে ফেলা হয়েছে। এ সুযোগে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের প্রাচীরের ভেতরে থাকা কয়েকটি মূল্যবান মেহগনিগাছ কাটারও অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ইউএনওর সরকারি বাসভবনের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা পাঁচ-ছয়টি বড় গাছ কেটে ফেলা হয়েছে। আরও একটি বড় মেহগনিগাছ শ্রমিকেরা কাটছেন। এ সময় কর্মরত শ্রমিক হজরত শেখ, আলিম শেখ, মঙ্গল শেখ ও ওসমান মণ্ডল জানান, যে গাছটি কাটা হচ্ছে এর আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়া কেটে ফেলা পাঁচ-ছয়টি গাছের মূল্য লক্ষাধিক টাকার বেশি। কী কারণে নম্বরবিহীন গাছ কাটছেন—জানতে চাইলে কর্মরত শ্রমিকেরা বলেন, ‘ঠিকাদারের লোকজন আমাদের কাটতে বলেছে, তাই কাটছি। এর বাইরে আমরা কিছুই জানি না।’
শ্রমিকদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেখে সেখানে উপস্থিত হন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ঠিকাদার লিয়াকত হোসেন। তিনি জানান, যে গাছগুলো কাটা হয়েছে সব কটি নম্বরবিহীন, বন বিভাগের মার্কা ছাড়া। এসব মূল্যবান গাছ বেআইনিভাবে কাটা হয়েছে। এ সময় এলাকার কয়েকজন জানান, বন বিভাগের মার্কা (চিহ্নিত) ছাড়া যে গাছগুলো কাটা হয়েছে, এগুলো অনেক মূল্যবান।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মহাসড়ক সম্প্রসারণের জন্য দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজ থেকে গোয়ালন্দ রেলগেট পর্যন্ত মহাসড়কের পশ্চিম পাশের গাছ কেটে ফেলতে প্রায় পাঁচ-ছয় মাস আগে ফরিদপুর বিভাগীয় কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। মোট ১২ লটের মধ্যে ১১ লটের গাছ বিক্রি হলেও একটি লটের গাছ বিক্রি হয়নি। এসব গাছ প্রায় দুই মাস ধরে ঠিকাদারের লোকজন কাটছেন। তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইউএনও স্যার তাঁর কার্যালয়ের আসবাবের জন্য কয়েকটি মেহগনিগাছের কথা জানান। তাঁর বাসভবনের সীমানাপ্রাচীরের ভেতর থাকা তিনটি বড় মেহগনিগাছ ও বন বিভাগের মার্কা দেওয়া আরও দুটি গাছ কাটা হয়েছে বলে জেনেছি। তবে আমি এখনো সরেজমিনে দেখিনি। বাকি গাছ বন বিভাগের চিহ্নিত এবং সেগুলো ঠিকাদারের নেওয়ার কথা রয়েছে।’ এভাবে গাছ কাটা বৈধ কি না, জানতে চাইলে তিনি জানান, উপজেলা পরিষদ প্রয়োজন মনে করলে সভায় সিদ্ধান্ত নিয়ে কার্যবিবরণী করে গাছ কাটতে পারে।
ইউএনও মো. হাসান হাবীব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটা সম্পর্কে আমার কিছু জানা নেই। একধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বরং বিষয়টি জানার পর কারা গাছ কাটছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, গাছ কাটার কোনো খবর জানা নেই। এমনকি পরিষদের কোনো সভায় গাছ কাটার সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত ছাড়া এভাবে গাছ কাটা ঠিক হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। তবে ইউএনও যদি গাছ কেটে থাকেন, তাহলে কাজটা ঠিক করেননি।