ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিম্নমানের কাজের অভিযোগে একটি রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ করে দিয়েছে জনগণ। গতকাল শুক্রবার উপজেলার রনসিয়া গ্রামের মানুষ রনসিয়া বাজার এলাকায় এ কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) পীরগঞ্জ সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার গোগর থেকে পীরগঞ্জের মাহেরপুর সেতু পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ চলছে। কাজটি পেয়েছেন ঠাকুরগাঁও গুদরী বাজারের ঠিকাদার হরিরাম।
রনসিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান, মাহফুজ খান, মনিরুজ্জামানসহ আট-নয়জন ব্যক্তি গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বলেন, গত বৃস্পতিবার বিকেল চারটার দিকে রনসিয়া পাঠানপাড়া গ্রামের জিয়াউর রহমানের বাড়ির পাশে রাস্তার কাজ করার সময় নামমাত্র বিটুমিন দেওয়ায় এলজিইডির কার্যসহকারী একটি জায়গা দেখিয়ে দিয়ে তাতে কিছু বিটুমিন ঢালার জন্য বলেন। এ সময় ঠিকাদারের মিস্ত্রি ওই কার্যসহকারীর কথায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা সে সময় ওই জায়গায় ছিলেন। তাঁরা ঠিকাদারের মিস্ত্রির কাছে এলজিইডির কার্যসহকারীর এ অসহায় অবস্থা দেখে আরও প্রতিবাদী হয়ে ওঠেন।
সরেজমিনে গতকাল সকালে ওই বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, গ্রামের লোকজন রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ করে দিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে।
হরিরাম ঠিকাদারের প্রধান মিস্ত্রি মুনসুর আলী বলেন, ‘আমি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি। তবে নিম্নমানের কাজের অভিযোগ ঠিক নয়।’
এলজিইডির উপসহকারী প্রকৌশলী আনিসুল কাদের বলেন, ‘আমি গতকাল সেখানে গিয়ে জনগণকে বলেছি, যেখানে কাজ খারাপ হচ্ছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে। কিন্তু তাঁরা কোনো কথাই শুনলেন না। কাজ বন্ধ করে দিলেন।’
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বিকেল পর্যন্ত একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় ঠিকাদার হরিরামের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’