রাস্তার কাজে নিম্নমানের ইটের ব্যবহার
রাজবাড়ীতে ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে রাস্তার উন্নয়নকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। কালীবাড়ি থেকে লক্ষ্মীকোল বেড়িবাঁধ পর্যন্ত রাস্তার উন্নয়নকাজে এ ইট ব্যবহার করা হচ্ছে।
ওই ঠিকাদারের নাম হরিপদ সরকার ওরফে রানা। তিনি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
সরেজমিনে দেখা যায়, ইটের রাস্তায় সংস্কারকাজ চলছে। রাস্তার দুই পাশের ইট তুলে নতুন ইট বসানো হচ্ছে। এ কাজে অল্পসংখ্যক ভালো ইটের সঙ্গে পুরোনো ও নিম্নমানের ইট বেশি ব্যবহার করা হচ্ছে। ব্যবহারের জন্য ইট রাস্তার পাশে স্তূপ করে রাখা আছে। এ স্তূপেও অনেক ভাঙাচোরা ও পুরোনো ইট। কিছু জায়গায় নতুন ইট বিছানো রাস্তায় বালু ফেলে ঢেকে দেওয়া হয়েছে। ইটের মান কেমন, জানতে চাইলে স্থানীয় কয়েকজন পা দিয়ে বালু সরিয়ে ইট তুলে দেখান।
স্থানীয় বাসিন্দা সেলিম সরদার, আলেয়া বেগম ও রোকন সরদার অভিযোগ করেন, ইটগুলো পোড়ামাটির চেয়েও নরম। সামান্য আঘাত পেলেই ভেঙে যায়। কাজ শেষ হওয়ার আগেই রাস্তায় ট্রাক চলাচল করায় বিভিন্ন স্থান দেবে গেছে। তাঁরা জানান, স্থানীয় লোকজন কাজ বন্ধ করে ভালো ইট দিয়ে করার দাবি তোলেন। এ পরিপ্রেক্ষিতে কাজ দুদিন বন্ধ ছিল। কিন্তু ঠিকাদার আবারও বাজে ইট দিয়ে কাজ শুরু করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাজবাড়ী সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে সদর উপজেলার লক্ষ্মীকোল পৌরসভার কালীবাড়ি থেকে লক্ষ্মীকোল বেড়িবাঁধ পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। ৩২ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকায় কাজ পায় হরিপদ সরকারের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজা অ্যান্ড কোং। মোট ১ হাজার ১৩৩ মিটার রাস্তার ৬০০ মিটার সংস্কার করতে হবে। রাস্তার বাকি অংশ নির্মাণ করতে হবে।
চুক্তি অনুযায়ী, গত বছরের ২ ডিসেম্বর কাজ শুরু করা হয়। তিন মাসের মধ্যে কাজ শেষ করার কথা। রাস্তার কাজে ১ নম্বর ইট ব্যবহার করতে হবে। নিচে এক ফুট গর্ত করে প্রথমে বালু দিতে হবে। এরপর ইট বিছাতে হবে। কিন্তু স্থানীয় অনেকে বলছেন, কাজে ৩ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে।
জানতে চাইলে হরিপদ সরকার বলেন, রাস্তার কাজে কোনো খারাপ ইট ব্যবহার করা হচ্ছে না। রাস্তার মূল কাজ শেষ। এখন দুই পাশে মাটির কাজ করা হচ্ছে। তবে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে ঝামেলা হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সামান্য ঝামেলা হওয়ায় কাজ একটু বন্ধ ছিল। এখন মিলেমিশে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করছি।’
এলজিইডির সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, বেশ কয়েকটি কাজ চলমান থাকায় প্রতিদিন ওই কাজের স্থানে যাওয়া সম্ভব হয় না। নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি সরেজমিনে দেখার পর জানা যাবে।