রাস্তার দুপাশেই বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার দুই পাশ দখলে নিয়ে বাজার বসানোর এই দৃশ্য মিরপুর ১১ নম্বরের। ছবিটি সোমবার সকালে তোলা l প্রথম আলো
রাস্তার দুই পাশ দখলে নিয়ে বাজার বসানোর এই দৃশ্য মিরপুর ১১ নম্বরের। ছবিটি সোমবার সকালে তোলা l প্রথম আলো

মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর অ্যাভিনিউয়ে বাইতুর রহমত জামে মসজিদের সামনে থেকে ২৩ নম্বর সড়কের দুই-তৃতীয়াংশ জায়গার ফুটপাত ও রাস্তাজুড়ে গড়ে উঠেছে অবৈধ বাজার।
সড়কের দুপাশের ফুটপাত ও রাস্তা মিলে এ বাজারে ৭০টির বেশি স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান আছে। আছে বিভিন্ন আকারের সবজি, মুদি পণ্য, পোশাক, মনিহারি, মাছ, মাংস, শুঁটকি মাছ, পান-সুপারি ও মসলার দোকান। এর মধ্যে সড়কের পূর্ব ও পশ্চিম পাশের ফুটপাত নিয়ে গড়ে উঠেছে মাছ, শুঁটকি মাছ, সবজি, মুদি পণ্য ও মসলা বিক্রির দোকান। সরেজমিনে দেখা যায়, দোকানিরা ফুটপাতের পাশের দোকান ভাড়া নিলেও অধিকাংশ মালামাল ফুটপাতেই রাখছেন।
সবজি বিক্রেতা রাকিব হোসেন বলেন, ‘ফুটপাতেই রাখছি, কারণ জায়গার দখল না রাখলে আমার দোকানের সামনেই আরেকজন বইসা পড়ব। তখন আমার ব্যবসা করতে অসুবিধা হইব।’
স্থানীয় ব্যক্তিরা জানান, যানজট এ সড়কের নিত্য সঙ্গী। যানজট বেশি হয় বিকেল আর সন্ধ্যায়। ফুটপাত ও রাস্তাজুড়ে বাজার থাকায় লোকজন হাঁটাচলা করতে পারে না। বিকল্প হিসেবে কেউ কেউ বাজারের ভেতর দিয়ে যাতায়াত করে। অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করে। পথচারীদের একজন রহমান মুস্তফা বলেন, ‘হাঁটার জায়গা কই? রাস্তায় বাজার, ময়লার কনটেইনার। ফুটপাতে দোকান। দুর্গন্ধ এড়ানোর জন্য রিকশা-গাড়ির
মাঝখান দিয়াই যাই-আসি। কষ্ট কইরা চলি।’ সড়কের এ অংশে রাস্তার ওপরেই আছে দুটি ময়লার কনটেইনার। রাস্তা প্রশস্ত থাকলেও বাজার আর ময়লার কনটেইনারের কারণে সংকুচিত হয়ে গেছে। দেখা যায়, ময়লা সংগ্রহের ভ্রাম্যমাণ ভ্যান এলাকা থেকে আবর্জনা এনে কনটেইনারে রাখছে। আশপাশের অনেকে কনটেইনারের বাইরেও ময়লা ফেলছে। সড়কে পড়ে আছে স্তূপ-স্তূপ ময়লা। এলাকার বাতাসে দুর্গন্ধ। সব মিলে স্থায়ী বাসিন্দা ও সাধারণ পথচারীর দুর্ভোগ চরমে ঠেকেছে। বাজার খোলে প্রতিদিন ভোরে, বন্ধ হয় মধ্যরাতে।
দোকানিদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, এ বাজারে সবাই দোকান দিতে পারেন। সে ক্ষেত্রে কোনো পক্ষের অনুমতি লাগে না। স্থানীয় ব্যবসায়ীরা নিজেরাই সংগঠিত হয়ে এ বাজার গড়ে তুলেছেন। বাজার পরিচ্ছন্ন রাখার জন্য দু-তিনজন পরিচ্ছন্নতা কর্মীকে টাকা দেন বলে জানালেন কয়েকজন ব্যবসায়ী। এ ছাড়া মাঝেমধ্যে দোকানিদের পক্ষ থেকে টাকা তুলে পার্শ্ববর্তী মসজিদে দান করেন তাঁরা। ব্যবসায়ীদের একজন হজরত আলী বলেন, ‘সবাই স্বেচ্ছায় টাকা দেয়। যে যা পারে তা-ই দেয়।’
বিষয়টি জানালে প্রতিষ্ঠানের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের আঞ্চলিক কার্যালয় দেখবে। এ ক্ষেত্রে একটি লিখিত অভিযোগ পেলে ভালো হয়।’