রাস্তায় ইট-বালু রেখে দিলেন জরিমানা
জনসাধারণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে খুলনা নগরের কয়েকটি এলাকায় ফুটপাত এবং সড়কে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
আজ মঙ্গলবার নগরের পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো মোড়, ফেরিঘাট মোড়, সংগীতা সিনেমা হল মোড়, মজিদ সরণি, শিববাড়ী মোড় ও মোল্লাবাড়ি মোড় এলাকার রাস্তা ও ফুটপাতের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় রাস্তার ওপর রেখে ইট-বালুর ব্যবসা করার অপরাধে পাঁচজন ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কেসিসির সম্পত্তি শাখা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করে।
কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম বলেন, রাস্তার ওপর ইট-বালুর ব্যবসা করার দায়ে ব্যবসায়ী আক্তার হোসেন, জগদীশ ও নওশের আলীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা, দাউদ হোসেনকে ৩ হাজার টাকা এবং মাসুদ হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।