রাস্তায় গাছ ফেলে ডাকাতি, শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের পাহাড়ি রাস্তায় গাছ ফেলে গত বুধবার রাতে ডাকাতির পাশাপাশি এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাতদের মারধরে ওই স্কুলশিক্ষিকা ও ট্রাকচালকসহ পাঁচজন আহত হয়েছেন।
আহত স্কুলশিক্ষিকা জানান, বেতনের ও টিউশনির টাকা নিয়ে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে পানবোঝাই একটি ট্রাকে করে তিনি শমশেরনগর চা-বাগানে নিজ বাসায় ফিরছিলেন। রাত ১০টার দিকে ট্রাকটি পাগলাতল এলাকার নির্জন স্থানে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে সাত-আটজনের এক ডাকাত দল ট্রাকের গতিরোধ করে। তারা সবার গলায় দা ধরে টাকার জন্য মারধর শুরু করে। তারা তাঁর (স্কুলশিক্ষিকা) কাছ থেকে ১০ হাজার টাকা, একটি মুঠোফোন ও সোনার একটি চেইন, চালককে মারধর করে তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা, মুঠোফোন ও আরও এক যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুটে নেয়। এ সময় ট্রাকের পেছনে আসা মোটরসাইকেল আরোহী হ্যাপি খাসিয়া ও রেডিয়াম খাসিয়ার কাছ থেকেও তারা টাকা ও মুঠোফোন লুটে নেয়। এ ছাড়া ডাকাতেরা তাকে (স্কুলশিক্ষিকা) ধর্ষণের চেষ্টা করে। এ সময় পেছন থেকে একটি গাড়ি আসতে দেখে তারা পালিয়ে যায়।
পরে আহত ওই স্কুলশিক্ষিকা, ট্রাকচালক রহম উল্যাকে (৩৫) ওই দিন রাতেই ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। তবে গতকাল সকালে তাঁদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। অন্য আহত আলিফ মিস্ত্রি, হ্যাপি খাসিয়া ও রেডিয়াম খাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
থানার ওসি মো. এনামুল হক জানান, এ ঘটনায় আক্রান্তরা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।