রাস্তায় রিকশা থামিয়ে লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামে দিনেদুপুরে রাস্তায় রিকশা থামিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নগরের কোতোয়ালি থানার দিদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সময় ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
ছিনতাইয়ের শিকার হামিদুল হক চৌধুরী (৪০) সিঅ্যান্ডএফ (আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠান) এজেন্ট কর্মকর্তা। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামিদুল হকের বড় ভাই আজিজুল হক প্রথম আলোকে বলেন, ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখা থেকে ১ লাখ ২০ হাজার টাকা তুলে স্ত্রী শাহীন আক্তারকে নিয়ে রিকশায় করে চকবাজার জয়নগর এলাকার বাসায় ফিরছিলেন তাঁর ভাই। সিরাজদ্দৌলা রোডের দিদার মার্কেটের সামনে আসার পর চার থেকে পাঁচজন যুবক রিকশার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা হামিদুল হকের হাতে থাকা টাকার প্যাকেটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে হামিদুল হককে ছুরিকাঘাত করে ব্যাগটি নিয়ে দৌড়ে পাশের একটি গলিতে ঢুকে যায় ছিনতাইকারীরা। এ সময় হামিদুল হকের স্ত্রী শাহীন আক্তার চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।
আজিজুল হক বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, হামিদুল হকের অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিবার থানায় মামলা করেনি। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।