রাহাত হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
নরসিংদীতে রাহাত সরকার (২৫) হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এস এম কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের বাসাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ সূত্র জানায়, ৬ মে রাতে সদর উপজেলার আব্দুল্লাহ বাজার ঈদগাহের কাছ থেকে রাহাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। রাহাত শহরের রাঙ্গামাটিয়া মহল্লার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ৮ মে সদর উপজেলার মাধবদী থানায় রাহাতের বোন সুমা আক্তার বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় এস এম কাইয়ুমকে। মামলার অন্য আসামিরা হলেন এসএ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সজল ভূইয়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়া ও রাজন মিয়া।
পুলিশ হেফাজতে কাইয়ুম বলেন, ‘আমি রাজনীতিতে সক্রিয় আছি। গেল পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এসব নানা কারণে নিজ দলের একটি পক্ষের রোষানলে আছি। এই মামলায় আসামি হওয়া এবং গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে।’
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাঈদুর রহমান বলেন, হত্যা মামলার আসামি হিসেবে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।