রায়গঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে আজ বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর জিআর কলেজসংলগ্ন একটি ডোবার মধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানার পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সলঙ্গা থানার পুলিশ সকাল ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশটি (আনুমানিক বয়স ৩৫ বছর) উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
দাদপুর জিআর কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, এলাকায় এ ব্যক্তিকে আগে কেউ দেখেছে বলে জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসে করে কোথাও যাচ্ছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসে ডোবার পানিতে পড়ে গিয়েছিলেন। এলাকার দুজন নাম প্রকাশ না করার শর্তে এটাকে হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, অন্য কোনো এলাকা থেকে ওই ব্যক্তিকে নিয়ে এসে হত্যা করে ডোবার পানিতে ফেলে রাখা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের পাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে।