রায়গঞ্জে এক মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ভিকমপুর হালদারপাড়া কালীমাতা মন্দিরে গতকাল শুক্রবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।


আজ শনিবার সকালে এলাকার নারীরা মন্দিরে পূজা দিতে গিয়ে বিষয়টি দেখতে পান। তাঁরা এলাকার লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোতাহার হোসেন, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে যান।

কালীমাতা মন্দির কমিটির সভাপতি ভোলানাথ হালদার বলেন, কেন এ ধরনের ঘটনা তা বোঝা যাচ্ছে না।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার বলেন, এ গ্রামে সবাই সম্প্রীতি নিয়ে বসবাস করে বলে জানতাম। হঠাৎ এ ধরনের ভাঙচুরের ঘটনায় সবাই মর্মাহত। এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান।

৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নজির ছিল গ্রামটি। প্রতিমা ভাঙচুরের কারণ খুঁজে বের করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।