রায়গঞ্জে নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে ও সুতি জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। উপজেলার ঘুড়কা ইউনিয়নের জয়ানপুর–ঘুড়কা ঘাট থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে ও সুতি জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। উপজেলার ঘুড়কা ইউনিয়নের জয়ানপুর–ঘুড়কা ঘাট থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে ও সুতি জালের ফাঁদ পেতে মাছ ধরা হচ্ছে। ফলে দেশীয় প্রজাতির পোনা মাছসহ বিভিন্ন জাতের মাছের বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা।
এলাকার অনেকে জানান, উপজেলার ঘুড়কা ও ধানগড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ফুলজোড় নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া ও জাল দিয়ে ফাঁদ পাতা হয়েছে। বিশেষ ধরনের সুতি জাল দিয়ে পাতা এ ফাঁদে ধরা পড়ছে দেশীয় বিভিন্ন জাতের মাছ ও পোনা। এ জাল এতই সূক্ষ্ম যে কোনো মাছেরই এ ফাঁদ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। প্রতিবছর বর্ষার পর নদীতে পানি কমতে শুরু করলে ঘুড়কা হালদারপাড়ার রবি হালদারের নেতৃত্বে কয়েকজন এ ধরনের ফাঁদ পেতে মাছ নিধন করেন বলেও তাঁরা অভিযোগ করেন। এ ফাঁদে বোয়াল মাছের পোনা ব্যাপক হারে ধরা পড়ছে। এ ছাড়া বাইন, পাবদা, গোছি, চেলা, আইড়, ভাগনা প্রভৃতি মাছও ধরা পড়ছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ২০০ মিটার প্রশস্ত নদীতে বাঁশের খুঁটি পুঁতে আড়াআড়িভাবে তিনটি বেড়া দেওয়া হয়েছে। দুই পাশের বেড়া দুটি ৪০ মিটার করে আর মাঝের বড় বেড়াটির দৈর্ঘ্য প্রায় ১০০ মিটার। একটি থেকে আরেকটির দূরত্ব প্রায় ১০ মিটার। এই বেড়ার কারণে নদীতে নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। স্থানীয় লোকজন জানান, এ সময় নদীতে বড় নৌকা চলাচল করে না। তবে ছোট নৌকাগুলো বেড়ার পূর্ব পাশ দিয়ে পার হয়ে যায়।
স্থানীয় মৎস্যজীবী আবদুল কুদ্দুস বলেন, নদীতে বাঁশের খুঁটি ও জাল দিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মারা হলেও কারও নজরে পড়ছে না। বাঁশের এই ফাঁদের সামনে-পেছনে অন্য কেউ জাল ফেলতে পারে না। ফলে মাছের বংশবৃদ্ধি যেমন ঘটছে না, তেমনি এলাকার অনেক মৎস্যজীবী বেকার হয়ে পড়েছেন। আবদুল মান্নান নামের আরেকজন বলেন, প্রতিবছরই নদীর এই অংশে বাঁশ ও জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার।
এ প্রসঙ্গে অভিযুক্ত রবি হালদার বলেন, ‘বংশানুক্রমে আমরা এভাবেই মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাই। এটা আইনের পরিপন্থী কি না তা আমার জানা নেই।’
ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনার রশিদ বলেন, ফুলজোড় নদীর ঘুড়কা এলাকায় অবৈধভাবে বাঁশ ও জালের ফাঁদ পেতে মাছ ধরা হচ্ছে কি না তা তাঁর জানা নেই।
রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, মৎস্য কার্যালয়ের মাধ্যমে খবর নিয়ে অবৈধভাবে মাছ শিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।