রায়গঞ্জে বেদে নারীদের চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে বেদে নারীদের বিরুদ্ধে জোর করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাহিদামতো টাকা দিতে না পারলে তারা সাপ দিয়ে হুমকি দেয় বলে জানা যায়। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ীরা।
গত এক সপ্তাহে উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, নিমগাছী, সলঙ্গা, পাঙ্গাসী, ভুইয়াগাঁতী ও ঘুড়কা হাটবাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। ধানগড়া বাজারের তৈরি আসবাব বিক্রেতা আবদুল ওয়ারেছ বলেন, দোকানে বেদেনিরা এসে ৫০-১০০ টাকা দাবি করে। না দিলে সাপের ভয় দেখায়।
ব্যবসায়ী আরমান আলী বলেন, ‘ভালো শাড়ি আর গায়ে নানা রকমের গয়না পরে পাঁচ-সাতজনের দল হঠাৎ দোকানে ঢুকে পড়ে এবং টাকা চায়। না দিতে চাইলে উল্টাপাল্টা কথা বলে।’
ধানগড়া বাজারে কথা হয় মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকা থেকে আসা বেদে নারী রিপু বেগমের সঙ্গে। তিনি বলেন, প্রায় ৫০ জনের বেদে দলটি উপজেলার ফুলজোড় নদীর ব্রিজের কাছে ধানগড়া এলাকায় ১০ দিন আগে আস্তানা গেড়েছে। পুরুষেরা ছোট ছেলেমেয়েদের সামলায় আর তারা পাঁচ-ছয়জনের দল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান। প্রতিদিন কত টাকা এভাবে তাঁরা আয় করেন, সেটা তিনি জানাননি।
মনির মিয়া নামের এক বেদে বলেন, ‘দেশের ভোটার তালিকায় আমাদের নাম নেই। আমরা যাযাবরের মতো ঘুরে বেড়াই। মানুষ যে সাহায্য দেয়, তাই খেয়ে বেঁচে আছি।’ মেয়েরা সাপ নিয়ে বিভিন্ন এলাকায় খেলা দেখিয়ে রোজগার করেন বলে তিনি জানান।
রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম শনিবার মুঠোফোনে বলেন, এ উপজেলায় বেদে সম্প্রদায়ের লোকজন মাঝেমধ্যে আসে। তাদের সাহায্য করা না-করা একান্তই ব্যক্তিগত বিষয়। তবে বেদেসহ দলিত শ্রেণির মানুষের তালিকা করা হচ্ছে বলে তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, বেদেদের টাকা তোলার বিষয়ে নির্দিষ্ট করে অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।