রায়গঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা গ্রামের কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাত আনুমানিক ১২টায় দুর্বৃত্তরা ওই মন্দিরে ঢুকে দেবী দুর্গার চারটি হাত ভেঙে চলে যায়। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর গ্রামবাসী মন্দিরে এসে বিষয়টি বুঝতে পারেন।
গতকাল শনিবার সকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রায়গঞ্জ থানায় ওই মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ দাস বাদী হয়ে মামলা করেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজয় কুমার দাস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করতে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে।