রায়গঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
অভিযুক্ত তরুণের নাম মো. খোকন (২২)। তাঁর বাড়ি এ উপজেলারই একটি গ্রামে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, খোকন মুঠোফোন চার্জ দেওয়ার কথা বলে গত মঙ্গলবার দুপুরে শিশুটির বাড়িতে আসে। এ সময় শিশুটি ঘরের মধ্যে একা খেলা করছিল। বাড়ির লোকজনের অগোচরে খোকন শিশুটিকে যৌন নিপীড়ন শুরু করলে সে চিৎকার দেয়। শিশুটির মা ছুটে এলে তিনি দৌড়ে পালিয়ে যান। শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে বুধবার সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক আঞ্জুমান আরা বলেন, শিশুটিকে শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে বলে প্রাথমিক পরীক্ষায় আলামত পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটির পরিবার বলছে, মেয়েটি আরেকটু সুস্থ হলেই তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে মামলা করবেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক গতকাল শুক্রবার সকালে বলেন, মামলা না হলেও ঘটনাটি জানতে পেরে তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে অভিযান শুরু করেছেন। কিন্তু তিনি, তাঁর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির সবাই বর্তমানে পলাতক রয়েছেন।