রায়পুরার চরাঞ্চলে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নে গতকাল রোববার বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। একপর্যায়ে এই সংঘর্ষ চারটি গ্রামে ছড়িয়ে পড়ে। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা ইউপির বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সঙ্গে সাবেক চেয়ারম্যান আবদুল হকের দ্বন্দ্ব রয়েছে। সর্বশেষ ইউপি নির্বাচনে দুপক্ষের বিরোধ চরমে ওঠে। সম্প্রতি তাঁদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এর সূত্র ধরে একে অপরের বিপক্ষে মামলাও করেছেন। চার দিন আগে দুজনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের বীরগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। গতকাল দুপুরে ওই গ্রামে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে নিলক্ষা, দড়িগাঁও ও হরিপুর গ্রামে তা ছড়িয়ে পড়ে। দফায় দফায় পাল্টাপাল্টি হামলা হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর রাত আটটার দিকে সংঘর্ষ বন্ধ হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হন।
আহত লোকজেনর মধ্যে আবুল কালাম (৩৪), রাজিব মিয়া (৩৫), হাছেন আলী (৩২), বস্কু মিয়া (৩২), রেকমত আলী (৩৪), জাহাদ আলী (৪০) সোমেদ আলী (৪৮), হামিদ মিয়া (৪৫), খোরশেদ আলী (৪০), মোমেন আলী (৩৮), আদম আলী (৩৬), শাহ আলম মিয়া (৩৭) ফারুক মিয়া (৪০) ও জলিল মিয়াকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত শাহিন মিয়া (১৮) ও শফিকুল ইসলামকে (২৫) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিলক্ষা ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘কোনো কারণ ছাড়াই আবদুল হক ও তার সমর্থকেরা আমার লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তারা টেঁটাসহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।’
অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান আবদুল হক বলেন, ‘তাজুল ইসলাম এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। আমার পক্ষের লোকজন অন্যায়ের প্রতিবাদ করায় তারা আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে হামলা করেছে। বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সন্ধ্যার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। তবে কাউকে আটক করা যায়নি।