রায়পুরার বাউলগানের আয়োজন নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় বাউলগানের আসরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল রোববার বিকেলে উপজেলার নীলক্ষা ইউনিয়নের চরাঞ্চল দড়িগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জালাল মিয়া (৩২)। তিনি দড়িগাঁও পূর্ব পাড়ার দুদু মিয়ার ছেলে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, দড়িগাঁও দক্ষিণ পাড়ায় আবদুল খালেক শাহ নামে এক পীরের মাজার রয়েছে। ওই মাজারে প্রতিবছর দুই দিনব্যাপী ওরস হয়। ওরসে বাউলগানের আয়োজন হয়ে থাকে। আয়োজক পক্ষ এবারও বাউলগানের অনুমতি চেয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে। কিন্তু নীলক্ষা এলাকায় গত বছরের ১০ নভেম্বর থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. হক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাজুল ইসলাম নীলক্ষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ. হক সাবেক চেয়ারম্যান। পক্ষ দুটির মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়। সংঘর্ষ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় প্রশাসন এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে রাখে। এই কারণে ওরসে বাউলগানের অনুমতি দেওয়া হয়নি।
কিন্তু আয়োজক পক্ষ প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে গতকাল রোববার ও আগের দিন শনিবার ওরসে বাউলগানের আয়োজন করে। এই অবস্থায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ বাউলগান আয়োজন বন্ধ করতে যায়। বিকেল পাঁচটার দিকে বন্ধ করতে গেলে ভক্ত-অনুসারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশ প্রতিরোধে নামে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ জনতাকে লক্ষ্য করে কয়েকটি শটগানের গুলি ছোড়ে। ওই সময় জালাল মিয়া ও শামসুর রহমান নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। জনতা একপর্যায়ে পুলিশের তিন সদস্যকে অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে গেলে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) রাইজুল আলম, নায়েক শাহজাহান মিয়া, কনস্টেবল মো. রাহিম, রাসেল মিয়া ও এস এম মালেক আহত হন। তাঁদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জালাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় মারা যান।
আহত এসআই রাইজুল আলম বলেন, ‘বাউলগান বন্ধ করতে বলায় গ্রামের লোকজন টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর চড়াও হয়। ওই সময় আমার পায়ে টেঁটা লাগে।’
নিহত জালাল মিয়ার মা সাফিয়া খাতুন বলেন, জালাল দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে পাঁচ মাস আগে দেশে ফিরে আসে। পুলিশের সঙ্গে যখন গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়, তখন জালাল ঘরে ছিল। কী হচ্ছে, দেখতে ঘর থেকে বের হয়ে জালাল গুলিবিদ্ধ হয়। সুফিয়া বেগমের দাবি, পুলিশের ছোড়া গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়েছে।
গ্রামবাসীর হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হওয়ার কথা উল্লেখ করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিউর রহমান জানান, প্রশাসনিক ও সামাজিক উদ্যোগেও চলমান সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। এই কারণে তাঁরা বাউলগানের আয়োজনের পক্ষে ছিলেন না। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।