রায়পুরায় ইউপি সদস্যকে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলায় মজিবুর রহমান (৪২) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার অলিপুর ইউনিয়নের তুলাতলী গ্রামে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মজিবুর অলিপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে স্থানীয় বাজারের উদ্দেশে বের হন। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা মজিবুরের সন্ধানে বের হন। রাত পৌনে আটটার দিকে বাড়ির কাছের নির্জন জায়গায় মজিবুরকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা মজিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।