রায়পুরায় কলেজশিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় মহসিন খন্দকার নামের এক কলেজশিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলমের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় অভিযোগ দায়ের করা হয়।
এদিকে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মহসিন খন্দকার চরবেলাব ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক। তিনি উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ছড়া, কাব্য ও প্রবন্ধের তাঁর ১৭টি বই প্রকাশিত হয়েছে। তাঁর বাড়ি রায়পুরা উপজেলায়। তিনি পড়াশোনা করেছেন রায়পুরা কলেজে।
রায়পুরা কলেজের ৫০ বছর পূর্তি উৎসব পালনের জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান উদ্যাপন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় রায়পুরা পৌরসভার মেয়র জামাল মোল্লাকে। অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য করা হয় মহসিন খন্দকারকে।
এক বছর আগে রায়পুরা কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে রায়পুরা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। ওই সংগঠনের সাধারণ সম্পাদক হলেন মাহাবুব আলম। একটি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত দুটি সংগঠনের নেতৃত্ব ও প্রভাব নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। বিশেষ করে মাহাবুব আলম ও মহসিন খন্দকারের মধ্যে দ্বন্দ্বটি প্রকাশ্য রূপ পায়। কিছুদিন আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় মহসিন খন্দকারের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় মহসিন খন্দকার রক্তাক্ত জখম হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেলে রায়পুরা বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল বের হয়। পরে স্থানীয় রাজিউদ্দিন আহমেদ রাজু মিলনায়তন চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা থেকে হামলার জন্য আওয়ামী লীগের নেতা মাহাবুব আলমকে দায়ী করে বলা হয়, মাহাবুব রায়পুরা কলেজে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। মূলত ৫০ বছর পূর্তি উৎসবে নিজের প্রভাব ধরে রাখতে তিনি গ্রুপিং করে আসছিলেন। তাঁর কারণে কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। নানা অপকর্মের প্রতিবাদ করে আসায় মাহাবুব আলমের রোষানলে পড়েন মহসিন খন্দকার। প্রতিবাদ সভা থেকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঞা, মেয়র জামাল মোল্লা, নরসিংদী জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ, চান্দেরকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।
মহসিন খন্দকার বলেন, ‘মাহাবুব আলম চেয়েছিলেন রায়পুরা কলেজের ৫০ বছর পূর্তি উৎসবে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। কিন্তু তিনি পারছিলেন না। এ ক্ষেত্রে আমাকে বাধা মনে করা হতো। সেই কারণে আমার সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয় এবং তিনি হামলার হুমকি দিয়ে আসছিলেন।’
অভিযোগের বিষয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলম বলেন, ‘মিল না থাকলেও মহসিন খন্দকারের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। হামলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নিজ দলের একটি পক্ষ বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, সাতজনের বিরুদ্ধে মহসিন খন্দকার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।