রায়পুরায় গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় সালেহা বেগম (২২) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁকে তাঁর স্বামীর বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেছে।
সালেহা বেগম রায়পুরার বাহাদুর গ্রামের হেফজু মিয়ার স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
পুলিশ ও সালেহার বাবার বাড়ির লোকজন জানান, দুই বছর আগে বাহাদুরপুর গ্রামের বাতেন মিয়ার ছেলে হেফজু মিয়ার সঙ্গে সালেহা বেগমের বিয়ে হয়। গত বুধবার রাত ১১টার দিকে শ্বশুর বাতেন মিয়ার উপস্থিতিতে হেফজু মিয়া যৌতুক দাবি করে না পেয়ে গায়ে কেরোসিন ঢেলে সালেহাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন। খবর পেয়ে সালেহার বাবা, মা ও ভাই পুলিশের সহযোগিতা নিয়ে গতকাল বেলা তিনটায় ওই বাড়ি থেকে সালেহাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।
মুঠোফোনে সালেহার ছোট ভাই মো. আবদুল্লাহ অভিযোগ করেন, ‘বিয়ের সময় যৌতুক হিসেবে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। এখন আবার ৫০ হাজার টাকার জন্য আমার বোনকে তাঁর স্বামী ও শ্বশুর মিলে পিটিয়ে আহত করে কেরোসিন ঢেলে হত্যা করতে চেয়েছিলেন। আমরা পাশের বাড়ির লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বরাত দিয়ে আবদুল্লাহ জানান, সালেহার গলা, বুকসহ শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, সালেহা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর বাবা ও মা যৌতুকের জন্য শ্বশুর ও স্বামী তাঁকে পুড়িয়ে হত্যার চেষ্টার করেছেন বলে অভিযোগ করেন। তবে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের কারণে সালেহা নিজেও আত্মহত্যার চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে কোনো লোকজন পাওয়া যায়নি। অধিকতর তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।