রায়পুরায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন–পরবর্তী সহিংসতায় আজ বুধবার লিটন মিয়া (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লিটনের বাড়ি উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মেহেরনগর গ্রামে।

আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নিলক্ষা ইউনিয়নে পরাজিত ও বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত ৭ মে চতুর্থ ধাপের নির্বাচনের সময় এই ইউপিতে ভোট গ্রহণ হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে নিলক্ষা ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হক সরকারের সমর্থকদের সঙ্গে বিজয়ী চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে নির্বাচনের পরদিন ৮ মে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় নিলক্ষা ইউপির সাতটি গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত পুলিশ সদস্যরা হলেন রায়পুরা থানার কনস্টেবল সঞ্জয় ও শরিফুল। তাঁদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিদের নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে লিটন মিয়াও ছিলেন। তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে রায়পুরা থানার পুলিশসহ নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত লিটন টাকার বিনিময়ে সংঘর্ষে অংশ নেন বলে ওসির ভাষ্য। তবে তিনি কোন পক্ষের সমর্থক তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে আছে।