রায়পুরায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরায় তাজু মিয়া নামের এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাজু মিয়া (৩৫) গত রোববার রাতে বাজার থেকে ফিরে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে তাঁর ঘরে সিঁদ কেটে দুজন ভেতরে ঢোকে। এরপর তারা তাজু মিয়াকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তাজু মিয়ার মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন তাজু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম। তাঁর হাত ও পিঠে কোপ লাগে। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মরিয়মকে উদ্ধার করে নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্বৃত্তরা তাজু মিয়ার শ্বশুরবাড়ি সোনাকান্দি এলাকার বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।