লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের নেতা ও চর আবাবিল ইউপির চেয়ারম্যান শহীদ উল্যাসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। সিলেট নগরের তালতলায় গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রায়পুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্যা দুলাল হাওলাদারের সমর্থকদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্যার সমর্থকদের বিরোধ চলছিল।
গতকাল দুপুরে শহীদ উল্যা ইউপি কার্যালয়ের সামনে বটতলায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুলাল হাওলাদারের সমর্থক মনু মিয়া তাঁকে কুপিয়ে জখম করেন। এ খবর ছড়িয়ে পড়লে শহীদ উল্যার সমর্থকেরা মনুকে পিটিয়ে আহত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে শহীদ উল্যার সমর্থকেরা দুলালের সমর্থক নাদিম হোসেন ও আবদুর শুকুরের বসতঘর ভাঙচুর করেন। এ সময় শহীদ উল্যাসহ উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ উল্যার ছেলে মঞ্জুরুল হক জানান, হত্যার উদ্দেশ্যেই মনু মিয়া তাঁর বাবার ওপর হামলা করেন। তবে দুলাল হাওলাদার জানান, মনু জমি-সংক্রান্ত সালিসের কারণে ৭০ হাজার টাকা শহীদ উল্যার কাছে জমা দেন। ওই টাকা চাইলে চেয়ারম্যান তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ সময় মনুও হামলা করেন। রায়পুর থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এদিকে সিলেটের তালতলা এলাকায় অবস্থান করা নিয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ও নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ কান্তি দের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তালতলা রেজিস্ট্রারি মাঠে থাকা চারটি মোটরসাইকেল ও ১০টি বাইসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণও হয়। পরে রেজিস্ট্রারি মাঠের পাশে গণপূর্ত ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের বিভিন্ন কক্ষে ঢিল ছোড়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।