মাদক বিক্রিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মো. মহসিন নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে স্থানীয় কয়েক ব্যক্তি কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার আথাকরা বাজারে এ ঘটনা ঘটে।
আহত মহসিন (৫০) ভোলাকোট ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় মহসিনের বড় ভাই আলী আকবর গতকাল সোমবার রামগঞ্জ থানায় মামলা করেন। এতে দেহলা গ্রামের মহিন আলীসহ ১২ জনকে আসামি করা হয়।
তিনজন ইউপি সদস্য অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আথাকরা বাজার এলাকায় দেহলা গ্রামের মোহাম্মদ আলী ও মহিন আলী ইয়াবা বড়ির ব্যবসা করছে। রোববার রাত সাড়ে আটটার দিকে মহসিন তাদের ইয়াবা বড়ি বিক্রিতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহসিনকে রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাঁর মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর মোহাম্মদ আলী ও মহিন আলী পালিয়ে যায়।
এ ব্যাপারে চেষ্টা করেও মোহাম্মদ আলী ও মহিন আলীর বক্তব্য পাওয়া যায়নি।
ভোলাকোটের ইউপি চেয়ারম্যান বশির আহমেদ বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় মহসিনকে নির্মমভাবে ২২টি কোপ দিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে।
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।