রায়পুরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ব্যক্তি তাঁর সাবেক স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচজনকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে রায়পুর পৌর শহরের আব্বাস আলী সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম নাজমুল হক (৩৫)। বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। আহত ব্যক্তিরা হলেন রায়পুর পৌর শহরের বাসিন্দা মহিউদ্দিন বাবর (৫৫), তাঁর স্ত্রী আকফুতের নেছা (৪৫) এবং মেয়ে মহিমা আক্তার ওরফে স্বপ্না (২৫), সুফতা জান্নাত ওরফে পলি (২৩) ও ফাতেমা আক্তার (১৫)। আহত ব্যক্তিদের প্রথমে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাত বছর আগে নাজমুলের সঙ্গে মহিমা আক্তারের বিয়ে হয়। তাঁদের এক ছেলে আছে। বিয়ের পরে নাজমুলের আর্থিক সহযোগিতায় স্ত্রী ও শ্যালিকা পলি ‘স্বপ্না বিউটি পারলার’ নামে একটি পারলার খুলে ব্যবসা শুরু করেন। একপর্যায়ে বিরোধ দেখা দিলে স্বামীকে তালাক দেন মহিমা। গত বৃহস্পতিবার রাতে নাজমুল তাঁর ছেলেকে নিয়ে যেতে ও বিউটি পারলার খোলার জন্য দেওয়া টাকা ফেরত চান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নাজমুল দা দিয়ে কুপিয়ে মহিমাদের পরিবারের সবাইকে জখম করেন। তাঁদের হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ সময় চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
থানা হেফাজতে থাকাকালীন নাজমুল তাঁদের কুপিয়ে জখম করার অভিযোগ স্বীকার করে বলেন, বাড়ির জায়গা-জমি বিক্রি করে তিনি তাঁর সাবেক স্ত্রীকে পারলার খোলার জন্য টাকা দিয়েছিলেন। সেই টাকা ফেরত ও ছেলেকে দিতে রাজি না হওয়ায় তিনি হামলা চালিয়েছেন।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নাজমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মহিমার মা আকফুতের নেছা গতকাল শুক্রবার বিকেলে নাজমুল হককে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন।