রায়পুরে খালে বিষ ঢেলে মাছ শিকার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জেলেরা বিভিন্ন খালে কীটনাশক ঢেলে মাছ ধরছেন। প্রতিবছর শতাধিক জেলে এভাবে মাছ শিকার করে বিভিন্ন বাজারে বিক্রি করছেন। বিষমিশ্রিত এ মাছ খেলে ক্যানসারের মতো রোগ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
এ ব্যাপারে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার দেনায়েতপুর গ্রামের ইকবাল হোসেন নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, ডাকযোগে অভিযোগটি পাঠানো হয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর সংযোগ খালে কীটনাশক ঢেলে ছয়জন জেলে মাছ ধরছেন। এ সময় চরবংশী গ্রামের ফারুক মিয়া বলেন, চার-পাঁচ হাজার টাকার মাছ পেয়েছেন। অল্প সময়ে কম পরিশ্রমে মাছ ধরার পদ্ধতি হিসেবে তাঁরা কীটনাশক ব্যবহার করছেন। কীটনাশক দিয়ে ধরা মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা জানা নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা খালেদ আহ্মদ প্রথম আলোকে বলেন, কীটনাশক দিয়ে শিকার করা মাছ খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সব সময় এ মাছ খেলে যকৃৎ, কিডনি ও পাকস্থলী ক্ষতিগ্রস্ত হওয়ার এবং ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীরা এ মাছ খেলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ ধরে চরপাতা, কেরোয়া, সোনাপুর, বামনী, চরমোহনা ও চর আবাবিল ইউনিয়নের সরকারি খালসহ ১৫ থেকে ২০টি খালে কীটনাশক ঢেলে জেলেরা মাছ ধরছেন। এসব মাছ রায়পুর পৌর শহরের বাজারসহ আশপাশের বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে। প্রতিবছর শীত মৌসুমে খালে পানি কমা শুরু হলে এ অপতৎপরতা শুরু হয়। এভাবে মাছ ধরে তাঁরা প্রতিদিন তা লক্ষাধিক টাকায় বিক্রি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে দুজন জেলে বলেন, তাঁরা কীটনাশক কিনে তা খাল ও বিলে ঢেলে মাছ শিকার করেন। এসব কীটনাশক বাজারে বিক্রি নিষিদ্ধ। কিছু লোক গোপনে এসব কীটনাশক তাঁদের কাছে বিক্রি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, বিষ দিয়ে মাছ শিকার করলে মাছসহ অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবেশ দূষিত হয়। এভাবে মাছ না ধরতে জেলেদের সচেতন করা হচ্ছে। এই অপতৎপরতা বন্ধে জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও শারমিন আলম গত শুক্রবার বলেন, ‘অভিযোগটি এখনো পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সোনাপুর গ্রামের কামাল হোসেন ও বামনী গ্রামের মো. রফিক বলেন, জেলেরা প্রথমে খালে ছোট ছোট বাঁধ দিয়ে কীটনাশক ঢেলে দেন। এর কিছুক্ষণ পর মাছ ভেসে ওঠে। এরপর তাঁরা এগুলো শিকার করেন।
বামনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালেহ আহমেদ বলেন, ‘গ্রামের মানুষ না জেনে বিষ দিয়ে নিধন করা মাছ কিনে খান। তাঁরা স্বাস্থ্যসচেতন নন। এ অপতৎপরতা রুখতে বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় উত্থাপন করব।’