রায়পুরে গলা কাটা লাশ উদ্ধার, স্ত্রীসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর গত শুক্রবার রাতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবু তাহের (৬০)। তিনি রায়পুরের পূর্ব চরপাতা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে তাহেরের বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা করেন। এতে তাহেরের স্ত্রী রাবেয়া বেগম (৪৫), মেয়ে তানিয়া আক্তার (১৫) ও ছেলে মো. জাবেদকে (২০) আসামি করা হয়েছে। পুলিশ তাঁর স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে রাবেয়া বেগমের সঙ্গে আবু তাহেরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাহের ও তাঁর স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
মামলার বাদী ও নিহত ব্যক্তির বড় ভাই নুরুল ইসলাম জানান, আবু হাতের গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে তিনি শুক্রবার সকালে রায়পুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর পুলিশ তদন্তে তাহেরের বাড়িতে যায়। প্রাথমিক তদন্তে সন্দেহ হলে পুলিশ তাঁর স্ত্রী রাবেয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাত ১১টার দিকে পূর্ব চরপাতা গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাহেরের লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা মা ও মেয়ে স্বীকার করেছেন। গতকাল সাত দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠায় পুলিশ। পরে তাঁরা আদালতে অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, প্রথমে ইট দিয়ে তাহেরের মাথায় আঘাত করার পরে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।