রায়পুরে গুলি করে লাখ টাকা ছিনতাই
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীকে গুলি করে এক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বাম পায়ে গুলিবিদ্ধ হওয়া মো. ইউনুছ নামের ওই ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান বিজ-এর মাঠকর্মী হিসেবে কর্মরত।
আজ রোববার সন্ধ্যায় উপজেলার ভাদুরের মধ্য রাজা রামপুর গ্রামের ভূঁইয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ইউনুছকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতনি গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
বিজ-এর রামগঞ্জ শাখা ব্যবস্থাপক গাজিউল হক বলেন, উপজেলার ভাদুর ইউনিয়নের মাঠ কর্মী ইউনুছ সকাল থেকে ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা উত্তোলন করেন। কাজ শেষে বিকেলে তিনি মোটরসাইকেলে রামগঞ্জে আসছিলেন। ভাদুরের মধ্য রাজা রামপুর গ্রামের ভূঁইয়া বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাঁরা ইউনুছের টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকার ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাঁর বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইউনুছকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।