রায়পুরে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক পরিবারের একটি বসতঘর প্রতিপক্ষের লোকজন পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেবীপুর গ্রামের রিকশাচালক মো. ইউছুফ বলেন, ‘দীর্ঘ ৩০ বছর ধরে আমরা দেবীপুর গ্রামের রাড়ি বাড়ির ৮ শতাংশ জমিতে বসতঘর তুলে বাস করছি। এক বছর ধরে পাশের বাড়ির আলী মিয়া, জামাল হোসেন ও জাফর মিজি এ জমির মালিকানা দাবি করে আসছেন। তাঁরা ওই সময় থেকে আমাদের বাগানের নারকেল ও সুপারি নিয়ে যাচ্ছেন। এ নিয়ে আমার ছোট ভাই মো. ইসমাইলের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে গত রোববার রায়পুর থানায় আলী মিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ জমির কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে আগামী শনিবার থানায় আসতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা বাড়ি থেকে উচ্ছেদের জন্য টিনের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে।’

ইউছুফ মিয়াদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে আলী মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে মো. আরিফ হোসেন বলেন, ‘খরিদ সূত্রে জমির মালিক আমরা। দীর্ঘ ৩০ বছর ধরে ইউছুফরা আমাদের জমি দখল করে আছেন। পরিকল্পিতভাবে তাঁদের ঘরে তাঁরা আগুন দিয়েছেন। এখন এই ঘটনায় তাঁরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’