রায়পুরে ঘর ভেঙে জমি দখলের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল মঙ্গলবার একটি পরিবারকে উচ্ছেদ করে জমি দখল করেছে প্রতিপক্ষ। এ সময় দুটি ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার উত্তর কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন দুই নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া বসতঘরের কয়েকটি টিন উদ্ধার করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন সদস্য ও এলাকাবাসী জানান, উত্তর কেরোয়া গ্রামের আবুল হাশেমের সঙ্গে একই এলাকার মো. হাসেমের ছয় শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। কয়েক দিন আগে হাসেম লোকজন নিয়ে ওই জমি থেকে আবুল হাশেমকে বসতঘর ভেঙে দখল ছাড়ার নির্দেশ দেন।
গতকাল বিকেলে হাসেমের ছেলে মো. মামুনের নেতৃত্বে ১৫-২০ জন আবুল হাশেম ও তাঁর ছেলে মো. টিটুর ঘরে হামলা চালান। এ সময় তাঁরা ঘরগুলো ভেঙে ফেলে মালামাল লুট করে নিয়ে যান।
মো. মামুন দাবি করেন, ‘আবুল হাশেম ওই জমিটি আমাদের কাছে বিক্রি করেছেন। তাঁদের দখল ছেড়ে দিতে অনেকবার বলেছি। কিন্তু
তাঁরা দখল ছাড়েননি। এখন আমাদের ফাঁসাতে তাঁরাই ঘর ভেঙেছেন।’
আবুল হাশেম দাবি করেন, ‘আমি মামুনের বাবা হাসেমের কাছে কোনো জমি বিক্রি করিনি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘মামুন সন্ত্রাসী নিয়ে ঘর ভেঙে দেন। তাঁরা ঘরের কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছেন। বাধা দিলে তিনি আমার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেন।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মামলা দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।