রায়পুরে ডাকাতের হামলায় আহত ৪
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কুচিয়ামারা নতুন ব্রিজ এলাকায় গত শনিবার রাতে ডাকাত দলের হামলায় এক পরিবারের চার সদস্য আহত হয়েছেন। এ সময় ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ মালপত্র লুট করে।
ওই পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা নতুন ব্রিজ এলাকার এনায়েত জহিরের (৪০) বসতঘরে সাত-আটজনের একটি ডাকাত দল হামলা চালায়। জহির বিদেশে ছিলেন। তিন সপ্তাহ আগে দেশে ফিরেছেন। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। একপর্যায়ে চিৎকারের চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জহির, তাঁর বাবা আবদুল আলী (৬০), দুই ভাই মো. ফারুক (২৫) ও মো. সালামকে (৩০) কুপিয়ে জখম করে। ডাকাতেরা টাকা ও মালপত্র লুট করে চলে যায়। পরে গুরুতর আহত আবদুল আলীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্য তিনজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
এনায়েত জহির বলেন, চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল লুট করে।