রায়পুরে দরপত্র ছিনতাই, দাখিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কর্মীদের বাধার কারণে গতকাল বুধবার কয়েকজন ঠিকাদার লক্ষ্মীপুরের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহের দরপত্র দাখিল করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
তাঁরা আরমান অ্যান্ড ব্রাদার্স ও মাহাতাব অ্যান্ড সন্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র এবং দরপত্রের সঙ্গে থাকা ৬০ হাজার টাকার পে-অর্ডার নিয়ে গেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাতৃস্বাস্থ্য িস্কম ভাউচার প্রকল্পের অধীনে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অস্ত্রোপচারের রোগীদের ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের জন্য আটটি দরপত্র বিক্রি হয়।
গতকাল বুধবার দরপত্র দাখিলের শেষ দিনে চারটি দরপত্র জমা পড়ে।
আরমান অ্যান্ড ব্রাদার্সের মালিক আরমান হোসেন অভিযোগ করেন, ‘আমার কেয়ারটেকার নুরনবী আমার প্রতিষ্ঠান এবং মাহতাব অ্যান্ড সন্সের দরপত্র দাখিল করতে যায়।
এ সময় যুবলীগের কর্মী মো. ডালিমের নেতৃত্বে আট-নয়জন বাধা দেন এবং দরপত্র ছিনতাই করে নিয়ে যান। তাঁদের বাধায় আরও কয়েকজন ঠিকাদার দরপত্র দাখিল করতে পারেননি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা খালেদ আহ্মদ বলেন, ‘একজন ঠিকাদার দরপত্র ছিনতাই করে নিয়ে গেছেন বলে আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
মো. ডালিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা দরপত্র ছিনিয়ে নিয়ে গেছে আমি জানি না। ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমিও দরপত্র জমা দিয়েছি। উপজেলা যুবলীগের স্থগিত হওয়া কমিটির নেতা আরিফুর রহমান বলেন, ওই ঘটনা যাঁরা ঘটিয়েছেন তাঁরা যুবলীগের কেউ নন।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম বলেন, ‘বিষয়টি আমি শুনিনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’