রায়পুরে দিনমজুর ও হাজীগঞ্জে ছাত্রীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে পুলিশ এক দিনমজুরের ঝুলন্ত লাশ গতকাল বৃহস্পতিবার উদ্ধার করেছে। গত বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের সাহাবাড়ি থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দুজন হচ্ছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের ননা মিয়ার ছেলে মো. সবুজ (৩৮) ও হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ গ্রামের রতন সাহার মেয়ে প্রীতি রানী সাহা (১৮)।
স্থানীয় লোকজন জানান, প্রায় ১৫ বছর আগে সবুজের সঙ্গে রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের তোফায়েল আহম্মদের মেয়ে লিলু বেগমের বিয়ে হয়। বাবার সঙ্গে বিরোধের কারণে বিয়ের পর পাঁচ বছর স্ত্রীকে নিয়ে পূর্ব চরপাতা গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন সবুজ। বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ির পাশের বাগানের আমগাছের সঙ্গে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে তাঁর লাশ গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে আসে।
সবুজের স্ত্রী লিলু বেগম জানান, দরিদ্র হওয়ায় তিন ছেলেমেয়ে নিয়ে অভাবের সংসার ছিল তাঁদের। এ কারণে তিনি (সবুজ) আত্মহত্যা করতে পারেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাজীগঞ্জে নিহত ছাত্রী প্রীতি রানীর পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাসায় পটকা ফাটানো নিয়ে ছোট বোন এ্যানি সাহার সঙ্গে প্রীতির ঝগড়া হয়। পরে দুই বোন মারামারি করে। এ ঘটনার পর রতন সাহা দুই মেয়েকে বকাঝকা করেন। বাবার বকুনি খেয়ে সন্ধ্যায় প্রীতি বাসার আড়ার সঙ্গে মায়ের শাড়ি দিয়ে ফাঁস দেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাহ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রীতি হাজীগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।