রায়পুরে দুই নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই নারীকে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রায়পুর পৌর শহর থেকে একজনের ও সকালে উপজেলার চরলক্ষ্মী গ্রাম থেকে অপরজনের লাশ উদ্ধার করে পুলিশ।
পৌর শহরের নতুন বাজার খেজুরতলা থেকে উদ্ধার করা হয় লাকী আক্তারের (২৫) লাশ। তিনি পৌর শহরের দেনায়েতপুর গ্রামের সেলিমের স্ত্রী। আর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের সমিতিরহাট থেকে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি।
নিহত লাকীর বড় বোন সাজু আক্তার জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে লাকীর সঙ্গে তার স্বামী সেলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম তাঁকে মারধর করে বাসা থেকে বের হয়ে যান। এ সময় লাকী তাঁকে ফেরাতে তাঁর পেছন পেছন বাড়ি থেকে বেরিয়ে যান, তবে আর ফেরেননি। সকালে বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে চরলক্ষ্মী গ্রামের লোকজন জানান, সকালে সমিতিরহাট এলাকার একটি খালে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৮) হাত-পা বাঁধা মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ খালে ফেলে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে লাকীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ড। অন্য লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাঁর পরিচয়ও পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।