রায়পুরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিককে (১৯) মারধরের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত শুক্রবার রাত আটটার দিকে ওই নারী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ওই নারী শ্রমিক রায়পুরের একটি কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। স্থানীয় ভুঁইয়াবাড়ির সামনে পৌঁছালে চার দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। একপর্যায়ে তারা তাঁকে মারধর করে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তাঁর ব্যাগে থাকা সাড়ে চার হাজার টাকা ও মুঠোফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান।
রায়পুর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান বলেন, এক দুর্বৃত্ত ওই নারী শ্রমিককে ধর্ষণ করেছে। তার অন্য তিন সহযোগী মারধর ও টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।